কুয়েতে রুটির চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় উৎপাদন দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে কুয়েত ফ্লাওয়ার মিলস অ্যান্ড বেকারিজ কোম্পানি (KFMBC)। সাধারণত রমজানে প্রতিদিন ২.৩ থেকে ২.৫ মিলিয়ন রুটি উৎপাদন করা হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৫.৩ মিলিয়নেরও বেশি।
কোম্পানির সেলস ম্যানেজার নাবিল আল-হুজাইল জানিয়েছেন, উৎপাদন লাইনগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে আরো বাড়ানো সম্ভব। তিনি ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রয়োজনের বেশি রুটি না কিনতে, কারণ রুটির মেয়াদ মাত্র একদিন। অতিরিক্ত কেনাকাটা করলে অপচয় হয় এবং উৎপাদন ব্যবস্থায় চাপ পড়ে।
তিনি আরো বলেন, গম আমদানি করে আধুনিক সাইলোতে তিন বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। ময়দার মেয়াদ থাকে প্রায় ছয় মাস, কিন্তু রুটি একদিনের বেশি টিকে না। তাই ভোক্তাদের সচেতনভাবে কেনাকাটা করার পরামর্শ দেওয়া হয়েছে।
কোম্পানির টিম ২৪ ঘণ্টা কাজ করছে, যাতে বাজারে রুটির ঘাটতি না হয়। প্রতিদিন প্রায় ৩ হাজার বিক্রয়কেন্দ্রে রুটি সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কো-অপারেটিভ সোসাইটি, মুদি দোকান, রেস্টুরেন্ট ও ডেলিভারি সার্ভিস।
কোম্পানি জানিয়েছে, তাদের কাছে বিকল্প ও জরুরি পরিকল্পনা রয়েছে। গম আমদানি থেকে শুরু করে সংরক্ষণ, উৎপাদন ও বিতরণ; সব ধাপই পূর্বপরীক্ষিত পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। বাজারে হঠাৎ চাহিদা বেড়ে গেলেও তারা তা সামাল দিতে সক্ষম।
logo-1-1740906910.png)