Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১১ মার্চ ২০২৬

দুবাইয়ে ড্রোন হামলা, আহত এক বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১৯:১০

দুবাইয়ে ড্রোন হামলা, আহত এক বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে ড্রোন হামলায় আহত ৪, আছেন এক বাংলাদেশিও

আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন হামলায় ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। বুধবার সকালে বিমানবন্দরটির কাছে এই হামলা হয়। তাৎক্ষণিকভাবে আহত বাংলাদেশির নাম-পরিচয় জানা যায়নি। ড্রোন হামলায় বিমানবন্দরের একটি অংশের খানিক ক্ষতি হয়। ফ্লাইট ওঠানামা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। যদিও পরে সীমিত আকারে বিমান চলাচল শুরু হয়। নানা হামলার পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। দেশটির সরকার অভিযোগ করেছে, ইরান সমর্থিত এসব হামলা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এদিকে আমিরাতের আবহাওয়া বিভাগ ১০ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।


কুয়েত

কুয়েতে মসজিদের আঙিনায় ইফতার বিতরণে বিধিনিষেধ

কুয়েতে নিরাপত্তা পরিস্থিতির কারণে মসজিদের আঙিনায় ইফতার বিতরণ এবং মসজিদের বাইরে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারি সার্কুলারে বলা হয়েছে, বর্তমান আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখে মসজিদের বাইরে ইফতার টেবিল বসানো এবং খাবার বিতরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া মসজিদ আর আঙিনায় অন্যান্য কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। সার্কুলারে আরো বলা হয়েছে, পরিস্থিতি ঠিক না হলে রমজানের পরও এই নিষেধাজ্ঞা জারি থাকবে। চলমান অস্বাভাবিক পরিস্থিতির কারণে যেসব সরকারি কর্মজীবী দেশের বাইরে অবস্থান করছে, তাদের জন্য নিজ দেশের কর্মক্ষেত্রে অনুপস্থিতি হিসেবে গণ্য হবে না। এদিকে, কুয়েতের নিরাপত্তা বাহিনী দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা আকস্মিক হুমকি থেকে রক্ষা করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে কুয়েতের আকাশপথ বন্ধ থাকায় যারা সৌদির দাম্মাম হয়ে ফ্লাইট ধরতে চান, তাদের সৌদির ট্রানজিট ভিসা নিতে হবে বলে বলা হয়েছে। 


বাহরাইন

বাহরাইনে ড্রোন হামলায় নিন্দা, আহতদের দায়িত্ব নিল সরকার

মধ্যপ্রাচ্য যুদ্ধের ১২তম দিনে বাহরাইন ডিফেন্স ফোর্স ১০৬টি মিসাইল ও ১৭৭টি ড্রোন আকাশে ধ্বংস করেছে বলে জানিয়েছে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, ১১ মার্চও তারা ৩টি মিসাইল ও ৩টি ড্রোন ধ্বংস করেছে। এদিকে, বাহরাইনের সিফ আবাসিক এলাকার বহুতল ভবনে ড্রোন হামলায় নিহত বাহরাইনি নারী সারা আবদুল হামিদ দাশতির দাফন সম্পন্ন হয়েছে, যার জানাজায় যোগ দেন বিপুল সংখ্যক মানুষ। যিনি ১০ মার্চ শেষ রাতে ড্রোন হামলায় মারা যান। এই হামলায় আহত হন ৮ জন।আবাসিক এলাকায় নিরস্ত্র মানুষের ওপর এমন হামলার নিন্দা জানিয়েছে বাহরাইন সরকার। রমজান মাসে সাধারণ নাগরিকদের ওপর এমন হামলায় স্তম্ভিত বাহরাইনের সাধারণ মানুষও। এদিকে সিত্রায় হামলায় ক্ষতিগ্রস্ত ৩২ পরিবারের সব চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, বাহরাইন সরকার জানিয়েছে, দেশটিতে কেউ যদি যুদ্ধের ছবি ব্যবহার করে দেশটিতে আতঙ্ক ছড়ায়, তবে আইনে তার সর্বোচ্চ ১০ বছরের জেল হবে। এমনকি বাহরাইনে বাংলাদেশ দূতাবাস দেশটিতে প্রবাসীদের যে কোনো ধরনের ছবি-ভিডিও ইন্টারনেটে না ছড়ানোর অনুরোধ করেছে। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে এখনো দেশটির বিমানবন্দর ও বিমান ওঠানামা বন্ধই রয়েছে।    


কাতার

কাতারে সর্বোচ্চ নিরাপত্তায় থাকতে বাসিন্দাদের নির্দেশ

নিরাপত্তা শঙ্কায় কাতার তার দেশে কিছু এলাকায় জ্বালানি তেলের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। জ্বালানি উৎপাদন, জাহাজ চলাচলের রুট নির্বিঘ্ন না থাকায় কাতারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, যার প্রভাব পড়বে বিশ্বব্যাপী। এদিকে, কাতার আরো জানিয়েছে, ১১ মার্চও তার দেশের আকাশসীমায় কমপক্ষে একটি মিসাইল ভূপাতিত করেছে। কাতার টাইমসের খবরে বলা হয়েছে, নিয়মিতভাবেই কাতার ড্রোন-মিসাইলের হামলা মোকাবিলা করে যাচ্ছে। এ সময়ে যে কোনো হামলা থেকে নিরাপদে থাকতে দেশটির নাগরিক-বাসিন্দাদের সর্বোচ্চ নিরাপদ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রয়োজন না থাকলে বিনা কারণে বাইরে ঘোরাফেরা না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ড্রোন বা মিসাইলের শব্দ পাওয়া মাত্র বাইরে থাকলে ঘরের ভেতর নিরাপদে থাকতে হবে। আর ঘরের ভেতর থাকলে দরজা জানালা বা জানালার কাঁচ থেকে দূরে থাকতে হবে। এদিকে, কাতারের এয়ার ডিফেন্স দেশটির উত্তরে একটি ড্রোন ভূপাতিত করেছে এবং আরেকটি ড্রোন সমুদ্রে পড়েছে। এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।


সৌদি আরব

সৌদিতে পবিত্র মসজিদে হাজিদের ভিড়, ভিক্ষাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ

রমজানের শেষ ১০ দিনে ধর্মপ্রাণ মুসলমানদের আনাগোনায় মুখর হয়ে উঠতে শুরু করেছে মক্কা ও মদিনার পবিত্র মসজিদ। রমজানের শেষ সময়ে হাজিরা এখানে ইতেকাফে বসেন। বিপুল সংখ্যক হাজির সব রকম সুবিধা নিশ্চিত করতে সব প্রস্তুতি নিয়েছে দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ। হাজিদের ভিড় সামনে নতুন ও তাদের নিরাপত্তা মনিটর করতে নতুন আইওটি টেকনোলজি ও মনিটর, জায়গা বিশেষে হাজিদের ঘনত্ব পরিমাপেরও প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, পবিত্র রমজান মাসে সৌদিতে যে কোনো প্রকারের ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদি কোনো প্রবাসী বা ভিন্নদেশি কাউকে সৌদিতে ভিক্ষা করতে দেখা যায়, তাকে সাজা শেষে সরাসরি দেশটি থেকে বহিষ্কার করা হবে বলে জানানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের কোনো প্রকার ভিক্ষা না দিয়ে বরং দাতব্য সংস্থায় দান খয়রাতের অনুরোধ জানানো হয়েছে। এদিকে যুদ্ধের এই সময় প্রতিদিনই দেশটি ভূপাতিত করছে ড্রোন ও মিসাইল। দেশটির সাইবাহ তেলক্ষেত্রকে লক্ষ্য করে সাতটি ড্রোন ও সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদির সামরিক বাহিনী।      

ওমান

ওমানে চালু হবে প্রবাসী সঞ্চয় প্রকল্প

ওমান সরকার দেশটির প্রবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন ব্যবস্থায় প্রত্যেক প্রবাসী কর্মীর মূল বেতন থেকে ৯ শতাংশ একটি কাঠামোবদ্ধ সঞ্চয় প্রোগ্রামে জমা করতে হবে, যা কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অংশগ্রহণে গঠিত হবে। জমা অর্থ কর্মীরা ওমান থেকে চাকরি শেষ করে দেশে ফেরার সময় তুলতে পারবেন। ২০২৭ থেকে এই প্রকল্প চালু হবে বলে জানা গেছে। এই প্রকল্পটি Social Protection Fund এর বৃহত্তর সংস্কারের অংশ এবং এটি প্রবাসী কর্মীদের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্যমাত্রা হিসেবে নেওয়া হয়েছে। সরকার আশা করছে, এটি প্রচলিত End of Service Gratuityর বিকল্প বা পরিপূরক ব্যবস্থা হিসেবে কাজ করবে, যাতে কর্মীদের আর্থিক অধিকার আরো স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হয়।

Logo