দুবাইয়ে বাসার বারান্দা ও জানালা থেকে দূরে থাকার পরামর্শ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:১৯
দুবাই সরকার জনসাধারণকে আশ্বস্ত করেছে, শহর সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিকভাবে চলছে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, সে বিষয়ে একটি নিরাপত্তা নির্দেশিকা প্রকাশ করেছে দুবাই গভর্নমেন্ট মিডিয়া অফিস।
নির্দেশিকায় বলা হয়েছে, যদি কেউ মোবাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা পান, তবে আতঙ্কিত না হয়ে শান্তভাবে নিকটস্থ ভবনের ভেতরে চলে যেতে হবে। যারা বাইরে আছেন, তারা দ্রুত কোনো ভবনে প্রবেশ করবেন। আর যারা গাড়ি চালাচ্ছেন তারা নিরাপদে কাছাকাছি কোনো ইনডোর স্থানে চলে যাবেন। খোলা জায়গা, জানালা, বারান্দা এবং কাঁচের দেয়াল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
যারা ইতোমধ্যে ভবনের ভেতরে আছেন তাদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের জানালা, বারান্দা ও খোলা জায়গা এড়িয়ে ভবনের ভেতরের দিকে অবস্থান করতে বলা হয়েছে। নিরাপত্তা কর্মীদের নির্দেশনা বা ভবনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে দেওয়া ঘোষণা শুনতে হবে। বিশেষ পরিস্থিতি ছাড়া লিফট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
মিডিয়া অফিস জানিয়েছে, মানুষকে কেবল সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুসরণ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইবিহীন বার্তা, ভয়েস রেকর্ডিং বা ভিডিও শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে “অল ক্লিয়ার” বার্তা না পাওয়া পর্যন্ত সবাইকে যেখানে আছেন, সেখানে অবস্থান করতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হলে তখনই দৈনন্দিন কার্যক্রমে ফিরে যেতে হবে।
logo-1-1740906910.png)