উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে কুয়েত সরকার। মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসার সময়সীমা বাড়ানো এবং জরিমানা মওকুফের এই সিদ্ধান্তে অনেক প্রবাসী শ্রমিক সাময়িক স্বস্তি পেয়েছেন।
বাংলাদেশি দূতাবাসের লেবার উইং জানিয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা দ্রুত শেষ হওয়ার পথে, সেগুলোর মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে স্বয়ংক্রিয়ভাবে এক মাস বাড়ানো হয়েছে। এই প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে কার্যকর হবে, ফলে রেসিডেন্সি বিভাগে গিয়ে আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই।
এছাড়া বিশেষ পরিস্থিতি বিবেচনায় এই বাড়তি সময়ের জন্য কোনো ফি বা জরিমানা আরোপ করা হবে না। একই সঙ্গে যারা কুয়েতে বসবাসরত কিন্তু বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে পারেননি, তাদের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে সময়সীমা অতিক্রম হলেও তাদের ক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে তিন মাস পর্যন্ত অনুপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে।
এই বর্ধিত সময় কার্যকর করতে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই এবং এর জন্যও কোনো ফি বা জরিমানা দিতে হবে না। ফলে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসীরা কিছুটা স্বস্তি পাচ্ছেন।
logo-1-1740906910.png)