মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বকে আহ্বান জিসিসি মহাসচিবের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:২৬
উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম আল-বুদাইউই আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের আগ্রাসন ও সামরিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরান আন্তর্জাতিক চুক্তি, কনভেনশন ও জাতিসংঘের আইন অমান্য করে আঞ্চলিক স্থিতিশীলতা ধ্বংস করছে।
৯ মার্চ এক ভার্চুয়াল সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জিসিসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা এবং মিসর, জর্ডান, ইরাক, সিরিয়া, লেবানন, তুরস্ক, আজারবাইজান ও আর্মেনিয়ার নেতারা অংশ নেন। আলোচনায় ইরানের ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ আগ্রাসন’ প্রধান বিষয় হিসেবে উঠে আসে।
আল-বুদাইউই বলেন, জিসিসি এই বৈঠকে অংশ নিয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে, যাতে ইরানের নৃশংস হামলা বন্ধ করা যায়। তিনি উল্লেখ করেন, ইরানের অযৌক্তিক ও অবৈধ আগ্রাসন জিসিসি রাষ্ট্রগুলোর অবকাঠামো, বেসামরিক স্থাপনা ও তেল স্থাপনায় আঘাত হেনেছে। এতে বহু নিরীহ মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, ইরানের সামরিক কর্মকাণ্ড অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ভয়াবহভাবে বিপর্যস্ত করেছে। এই পরিস্থিতি দ্রুত বন্ধ করা জরুরি।
জিসিসি মহাসচিব ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় কমিশনের অবস্থানের প্রশংসা করেন। তারা জিসিসি রাষ্ট্রগুলোর ওপর ইরানের হামলার নিন্দা জানিয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সহযোগিতা করছে।
আল-বুদাইউই জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই বাস্তবসম্মত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। ইরানের আগ্রাসন বন্ধ না হলে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা আরো বড় হুমকির মুখে পড়বে।
কুয়েত নিউজ এজেন্সি (কেইউএনএ) জানিয়েছে, জিসিসি মহাসচিবের এই আহ্বান উপসাগরীয় অঞ্চলে চলমান সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
logo-1-1740906910.png)