দুবাই পুলিশ ভিক্ষাবৃত্তি চক্রের ১৩ জন এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। এ চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন একজন বিদেশে অবস্থানরত হোতা। তারা সাধারণ মানুষের সহানুভূতি আদায় করতে ভুয়া গল্প সাজিয়ে অর্থ সংগ্রহ করছিল।
পুলিশ জানিয়েছে, ‘কমব্যাট বেগিং’ নামে বিশেষ অভিযানের অংশ হিসেবে এ চক্রকে ধরা হয়েছে। অভিযানের মূল স্লোগান- “সচেতন সমাজ, ভিক্ষাবৃত্তিমুক্ত সমাজ।” এ উদ্যোগে দুবাইয়ের রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স জেনারেল ডিরেক্টরেট এবং ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টও অংশ নিয়েছে।
ব্রিগেডিয়ার আলি সালেম আল শামসি বলেন, এ ধরনের প্রতারণামূলক ভিক্ষাবৃত্তি সমাজে নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকি। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা মসজিদ, হাসপাতাল, ক্লিনিক, বাজার ও রাস্তায় দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করত। তারা দাবি করত, বিদেশে আটকে পড়েছে বা জরুরি সাহায্যের প্রয়োজন রয়েছে।
পুলিশ নাগরিকদের সতর্ক করে বলেছে, ভিক্ষুকদের অর্থ না দিতে। কারণ তারা সাধারণত মিথ্যা গল্প সাজিয়ে মানুষের সহানুভূতি আদায় করে। পরিবর্তে সরকারি চ্যানেলের মাধ্যমে দান করার আহ্বান জানানো হয়েছে।
নাগরিকরা চাইলে ৯০১ কন্টাক্ট সেন্টার, দুবাই পুলিশ স্মার্ট অ্যাপের ‘পুলিশ আই’ সার্ভিস অথবা ই-ক্রাইম প্ল্যাটফর্মে রিপোর্ট করতে পারবেন।
logo-1-1740906910.png)