মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনালাপে এ সতর্কবার্তা দেন।
কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ৭ মার্চ রাতে দুই নেতার মধ্যে টেলিফোনে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে তারা উপসাগরীয় অঞ্চলের বর্তমান সংকট পর্যালোচনা করেন।
কাতারের আমির আলোচনায় বলেন, চলমান সংকট নিয়ন্ত্রণে আনা জরুরি। সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা অব্যাহত থাকলে এর পরিণতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা উল্লেখ করেন, উত্তেজনা কমানো এবং নতুন করে সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথই সবচেয়ে কার্যকর।
কাতারের আমিরের এই সতর্কবার্তা ইঙ্গিত করছে যে, উপসাগরীয় দেশগুলো ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।
logo-1-1740906910.png)