সৌদিতে মিসাইল হামলা: ২ বাংলাদেশি নিহত, ১২ জন আহত
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০০:৩৬
সৌদি আরবের আল খারিজের একটি আবাসিক এলাকায় মিসাইল হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া আরো ১২ জন বাংলাদেশি আহত হয়েছেন। সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ৮ মার্চ স্থানীয় সময় বিকেলে একটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা কোম্পানির আবাসিক কমপ্লেক্সে এ হামলা হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
নিহত দুই বাংলাদেশি হলেন- কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পশ্চিম ফিকামারা গ্রামের বাচ্চু মিয়া (পিতা: রইস উদ্দিন) এবং টাঙ্গাইলের সখিপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের মোশাররফ হোসেন (পিতা: সুরজত আলী)। আহতদের সবাই বাংলাদেশি নাগরিক।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরপরই জরুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র বলেন, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন।
বাংলাদেশ সরকারও নিহতদের মরদেহ দেশে আনার উদ্যোগ নিয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সৌদি সরকারের অনুমতি পাওয়া গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে।
এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, বেসামরিক স্থাপনা, বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। সৌদি সরকার জানিয়েছে, তারা নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেবে।
logo-1-1740906910.png)
