Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৮ মার্চ ২০২৬

বাহরাইন, সৌদি, কাতার, কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতের ঢেউ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১৭:২৬

বাহরাইন, সৌদি, কাতার, কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতের ঢেউ

বাহরাইন

বাহরাইনের মুহাররাকে তিনজন আহত

বাহরাইনের মুহাররাক অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাতে তিনজন আহত হয়েছে। ৮ মার্চ সকালে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় তার কিছু ধ্বংসাবশেষ নিচে পড়ে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে আঘাত করে। ঘটনার পরপরই আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে। এই ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া ৭ মার্চ গভীর রাতে জুফেইর এলাকায়ও ধ্বংস করা মিসাইলের টুকরা পরে একটি বাড়িতে আগুন ধরে যায়, ক্ষতি হয়েছে আশপাশের আরো কিছু বাড়িতে।

এদিকে, যুদ্ধ শুরুর পর থেকে বাহরাইন ৯৪টি মিসাইল, ১৬৪টি ড্রোন মোকাবিলা করেছে, যা তাদের আকাশেই ধ্বংস করেছে।ইরানি ড্রোন হামলায় বাহরাইনের পানি বিশুদ্ধকরণ প্লান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন হামলাটি বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে করা হয়েছে, যা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, এই ঘটনার পরও দেশটিতে পানির সরবরাহে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি। কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধের কারণেও কাঁচাবাজারে পণ্যের জোগান পর্যাপ্ত আছে, দামে কোনো প্রভাব পড়েনি। আর বাহরাইনের আকাশসীমা বন্ধ থাকায় গালফ এয়ারের ফ্লাইটও স্থগিতই রয়েছে। সংকটময় নাগরিক ও বাসিন্দাদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।      


সৌদি আরব

সৌদির আকাশেই ড্রোন-ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে চালানো একাধিক ড্রোন হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাকে লক্ষ্য করে পাঠানো একাধিক ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিরক্ষা বাহিনী সেগুলো ধ্বংস করতে সক্ষম হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো স্থাপনারও ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একাধিক ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একই সময় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রিন্স সুলতান বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হলেও সেটি জনবসতিহীন এলাকায় পড়েছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের পূর্বদিকে আকাশসীমায় প্রবেশ করা ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া সৌদির আকাশসীমায় প্রবেশের পর আরো কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়। 

এদিকে, বিশ্বের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করতে হরমুজ প্রণালীকে এড়িয়ে ইয়ানবু পোর্ট দিয়ে তেল সরবরাহ শুরু করেছে সৌদি।   


কুয়েত

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলা

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যায়।রোববার ভোরে একটি ড্রোন কুয়েত এভিয়েশন ফুয়েলিং কোম্পানির (কাফকো) দুটি জ্বালানি ট্যাংককে লক্ষ্য করে আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দ্রুত ফায়ার সার্ভিস ও জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এ সময় বন্ধ করে দেওয়া হয় পুরো বিমানবন্দর।

এদিকে, কুয়েতে ক্ষেপণাস্ত্র বা ড্রোনের হামলায় দেশটির সরকারের গুরুত্বপূর্ণ একটি বহুতল ভবনে আগুন ধরে যায়। রোববার এই ঘটনায় কুয়েতের পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সময় ভবনের নিরাপত্তাকর্মীরা নির্ধারিত আশ্রয়স্থলে অবস্থান করায় সবাই নিরাপদে ছিলেন। আগুন লাগলেও দমকল বাহিনী দ্রুত তা নিভিয়ে ফেলে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতের কয়েকটি বড় ব্যাংক তাদের প্রধান কার্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে অনলাইন ব্যাংকিং, এটিএম এবং অন্যান্য ডিজিটাল সেবা স্বাভাবিকভাবেই চালু রয়েছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যাংকের প্রধান কার্যালয়গুলো আবার খুলে দেওয়া হবে। 


সংযুক্ত আরব আমিরাত

আমিরাত সহজ টার্গেট নয়, সতর্ক করলেন দেশটির প্রেসিডেন্ট

আমিরাতের আল বারশা এলাকায় ধ্বংস করা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের টুকরার আঘাতে আহত এক পাকিস্তানি ড্রাইভার মারা গেছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, টুকরাটি পাকিস্তানি ড্রাইভারের গাড়ির ওপর এসে পড়লে তিনি মারাত্মক আহত হন। তাছাড়া আমিরাত জানিয়েছে, দেশটি ৮ মার্চ আকাশে ধ্বংস করেছে ১৫টি ক্ষেপণাস্ত্র ও ১১৯টি ড্রোন। ধ্বংসাবশেষের বেশির ভাগই সুমদ্রে পড়েছে। এ নিয়ে যুদ্ধ শুরুর পর আমিরাত ২৩৮টি মিসাইল আর ১৪২২টি ড্রোন ইন্টারসেপ্ট করেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানকে উদেশ করে বলেছেন, আমিরাত শত্রুদের জন্য কোনো সহজ টার্গেট নয়। এমনটি যারা ভাববে, তারা ভুল করবে। আমিরাতকে কোমল মনে হলেও এর শক্তি সম্পর্কে কোনো ধারণা রাখে না শত্রুরা।

এদিকে সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চল থেকে ৫২ হাজারের বেশি ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে ভারত সরকার। যুদ্ধের উত্তাল সময় অঞ্চলটি থেকে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন বিদেশিরা।    


কাতার

কাতারের আকাশে ড্রোন-ক্ষেপণাস্ত্র ধ্বংস

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কাতারকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দেশটিকে লক্ষ্য করে মোট ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে কাতারের সশস্ত্র বাহিনী ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়। বাকি দুটি ক্ষেপণাস্ত্র কাতারের আঞ্চলিক সমুদ্রে পড়ে এবং আরো দুটি জনবসতিহীন এলাকায় ভূপাতিত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো বাহ্যিক হুমকি মোকাবিলায় সক্ষম এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে কাতার সরকার।


ওমান

ওমান পরিণত হলো উপসাগরীয় ট্রানজিট হাবে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলে ওমান হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবে। আঞ্চলিক উত্তেজনার কারণে উপসাগরীয় কয়েকটি দেশের আকাশসীমা আংশিক বন্ধ হয়ে যাওয়ায় বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে হাজার হাজার যাত্রী বিভিন্ন দেশে আটকে পড়েছেন। এই পরিস্থিতিতে ওমানের রাজধানী মাসকাটের আন্তর্জাতিক বিমানবন্দর এখন জরুরি ট্রানজিট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওমানের আকাশসীমা চালু থাকায় বিভিন্ন দেশ থেকে ডাইভার্ট হওয়া ফ্লাইট এবং আটকে পড়া যাত্রীরা এখান দিয়ে তাদের ভ্রমণ চালিয়ে যেতে পারছেন। চাহিদা বেড়ে যাওয়ায় ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার এবং সালাম এয়ার অতিরিক্ত ফ্লাইট পরিচালনা শুরু করেছে। লন্ডন, ইস্তাম্বুল, কুয়ালালামপুর, কায়রো, মুম্বাই এবং ব্যাংককের মতো শহরে নতুন বা বাড়তি ফ্লাইট যোগ করা হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে অনেক যাত্রী সড়কপথে মাসকাটে এসে আন্তর্জাতিক ফ্লাইট ধরছেন বলেও জানিয়েছে ভ্রমণ সংস্থাগুলো। এতে শহরের হোটেলগুলোতেও যাত্রীদের ভিড় বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকলে আগামী কয়েক দিন উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক ভ্রমণের জন্য ওমানই প্রধান বিকল্প কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Logo