Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মোড়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১৩:৫৯

মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মোড়

ছবি - এআই দিয়ে বানানো

তেল আর পানির শোধনাগারে ইরানের ড্রোন ও মিসাইল হামলার মধ্য দিয়ে এক বিপজ্জনক দিকে মোড় নিয়েছে ইরান ও মার্কিন- ইসরায়েল সংঘাত। 

বাহরাইন সরকার জানিয়েছে, ৮ মার্চ ইরানের ড্রোন হামলায় দেশটির পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে এই প্রথমবারের মতো কোনো দেশের পানি শোধনাগারে হামলার ঘটনা ঘটল। যাকে এই সংঘাতের মারাত্মক মোড় বলে অভিহিত করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 

মধ্যপ্রাচ্যে জিসিসিভুক্ত দেশগুলো তেলের ওপর ভাসলেও আছে সুপেয় পানির সংকট। সমুদ্রের লবণ পানি শোধন করে জিসিসিভুক্ত দেশগুলো খাবার পানির জোগান দেয় নাগরিক ও বাসিন্দাদের। 

উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যের সব দেশে পানির শোধনাগার রয়েছে। তবে সুপেয় পানির সংকট সব দেশে এক রকম নয়। কুয়েতে পানি শোধনাগার থেকে আসে ৯০ শতাংশ খাবার পানি সরবরাহ, আর কাতারে তার পরিমাণ ৮৭ শতাংশ, ওমানে ৮৬ শতাংশ, সৌদি আরবে ৭০ শতাংশ, আরব আমিরাতে ৪২ শতাংশ ও বাহরাইনে ৩৬ শতাংশ।

ফলে বোঝা যাচ্ছে, উপসাগরীয় দেশগুলোর পানীয় জলের মোট সরবরাহের প্রায় ৬০-৮০ শতাংশই সমুদ্রের পানি শোধন করে তৈরি হয়। এই দেশগুলোর অনেক শহরে মাত্র কয়েক দিনের পানির মজুত থাকে। বড় শোধনাগার বন্ধ হয়ে গেলে বা হামলার মুখে পড়লে, কয়েক দিনের মধ্যেই পানীয় জলের সংকট তৈরি হতে পারে।

ফলে যুদ্ধের কারণে এসব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে যদি পানি শোধনাগার হামলার মুখে পড়ে, তাহলে গোটা অঞ্চলের কোটি কোটি মানুষ পড়তে পারে মানবিক এক গভীর সংকটে।

Logo