Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে পুলিশের বার্তা: কী করা যাবে, কী করা যাবে না

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৯

বাহরাইনে পুলিশের বার্তা: কী করা যাবে, কী করা যাবে না

বাহরাইনে নিরাপত্তা ও সিভিল ডিফেন্স বিষয়ক সর্বশেষ পদক্ষেপ নিয়ে গণমাধ্যমে আলোচনা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাপ্টেন আবদুল্লাহ ওয়াহিদ আল মান্নাই। তিনি জানিয়েছেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সিভিল ডিফেন্স কাউন্সিল জনসমাগমে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে।  

ঘোষণায় বলা হয়েছে, রাস্তা ও জনসমাগমস্থলে বড় ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে নির্দিষ্ট নির্দেশনা মেনে মসজিদে যাওয়া, খেলাধুলার ক্লাব, শপিং মল, বাজার ও রেস্তোরাঁয় যাতায়াত করা যাবে।  

এদিকে সাইবারক্রাইম বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক আক্রমণের পরিণতি নিয়ে ভিডিও ধারণ ও প্রকাশ, সামরিক স্থাপনা থেকে ভিডিও ধারণ এবং সামাজিক মাধ্যমে ভুয়া খবর প্রচারের কারণে কয়েকজনকে আইনি ব্যবস্থা নিয়ে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। এসব কর্মকাণ্ড জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং নিরাপত্তা ও জনশৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয় বলে উল্লেখ করা হয়েছে।  

নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জাতীয় দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র বা ড্রোনের টুকরো কোথাও পাওয়া গেলে তা স্পর্শ না করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এতে বিপজ্জনক পদার্থ থাকতে পারে। এসব টুকরোর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করাও নিষিদ্ধ। পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরুরি হটলাইন ৯৯৯-এ জানাতে বলা হয়েছে।  

সাধারণ জনগণের জন্য আরো কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে শান্ত থাকা ও দায়িত্বশীল আচরণ করা, ঘটনাস্থল থেকে দূরে থাকা যাতে উদ্ধারকর্মীরা কাজ করতে পারে, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, সামরিক স্থাপনা বা ঘটনার ছবি না তোলা এবং গুজব না ছড়ানো। তথ্য সংগ্রহের জন্য কেবল সরকারি সূত্রের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।

Logo