বাহরাইনের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা বাংলাদেশের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:৫৬
মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইনের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) মানামায় বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এনডিসি দেশটির সরকারের বিচক্ষণ পদক্ষেপ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পেশাদারিত্বের প্রশংসা করেছেন। তিনি বলেন, বাহরাইন সরকার নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে, যা বাংলাদেশি কমিউনিটির জন্যও আশ্বস্তকর।
বাংলাদেশ বাহরাইনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং দেশটির জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাহরাইনের নেতৃত্ব ও জনগণের প্রতি সংহতি জানানো হয়।
এদিকে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।
বাংলাদেশ দূতাবাস বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ, সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা এবং আশ্রয়কেন্দ্র স্থাপনের উদ্যোগকে জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে।
একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বাহরাইন সরকারের নির্দেশনা মেনে চলা, সতর্ক থাকা এবং গুজব বা যাচাইবিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে দূতাবাস।
logo-1-1740906910.png)