Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৪ মার্চ ২০২৬

সৌদি কোনো হুমকিতে মাথা নত করবে না, বাহরাইনে বেড়েছে ফুড ডেলিভারি অ্যাপের চাহিদা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১৭:১১

সৌদি কোনো হুমকিতে মাথা নত করবে না, বাহরাইনে বেড়েছে ফুড ডেলিভারি অ্যাপের চাহিদা

বাহরাইন

বাহরাইনে ঘরে থাকছে মানুষ, বেড়ে গেছে ফুড ডেলিভারির চাহিদা

বাহরাইনে ৪ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতের শঙ্কায় ২ বার সাইরেন বেজেছে। বাহরাইনের এয়ার ডিফেন্স দেশটির আকাশসীমায় এখন পর্যন্ত ১৬৬টি হামলা মোকাবিলা করেছে, যার মধ্যে ৭৪টি ক্ষেপণাস্ত্র এবং ৯২টি ড্রোন রয়েছে। দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুত সক্রিয় হয়ে এসব হামলার চেষ্টা ভেস্তে দিয়েছে বলে জানানো হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে বাহরাইনে সাধারণ মানুষের চলাচলে সতর্কতা দেখা গেছে। দেশটিতে সেহরির আগে খাবার ডেলিভারির চাহিদা হঠাৎ বেড়ে গেছে এবং অনেক এলাকায় ডেলিভারির অপেক্ষার সময় দ্বিগুণ হয়েছে। দেশটিতে গালফ ও কাতার এয়ারওয়েজের ফ্লাইট এখনো বন্ধ রয়েছে। বাহরাইনের আকাশ নিরাপদ না হওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ আকাশ নিরাপদ হবে, তা পরিষ্কার করে কিছু জানাতে পারছেন না এয়ার লাইন্সের কর্মীরা। অন্যদিকে, সামাজিক মাধ্যমে সংবেদনশীল তথ্য ও ভিডিও প্রকাশের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে বাহরাইনের সাইবার ক্রাইম বিভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাহরাইন এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাগরিকদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। 


সংযুক্ত আরব আমিরাত

হাজারখানেক আক্রমণ মোকাবিলা করেছে আমিরাত

চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে ইউএই এখন পর্যন্ত ১ হাজারের বেশি হামলার সম্মুখীন হয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য আক্রমণের ঘটনা। দেশটির প্রতিরক্ষা বাহিনী এসব হামলা প্রতিরক্ষা অত্যন্ত সফলতার সাথে মোকাবিলা করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে। দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে একটি ড্রোন আঘাত হানায় নিকটবর্তী এলাকায় ছোট পরিসরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সংযুক্ত আরব আমিরাত আগে থেকেই দৃঢ়তার সাথে জানিয়ে আসছে, তারা নিজের আত্মরক্ষার পূর্ণ অধিকার রাখে এবং যে কোনো হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। আমিরাত সরকার স্পষ্ট করে দিয়েছে, নিজ দেশের সীমানা, নাগরিক ও স্থাপনা সুরক্ষায় কোনো আপস করা হবে না। নিরাপত্তার কারণে দেশটিতে কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে। আক্রান্ত কোনো জায়গা বা স্থাপনার ভিডিও বা ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং সাধারণ মানুষকে এই আইন মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। এ পর্যন্ত বড় কোনো প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর না পেলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নাগরিক ও পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে।


কুয়েত

কুয়েতে অ্যালার্ট জারি, বন্ধ আছে ভিসা সেবা

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কুয়েত সরকার দেশটিতে  অ্যালার্ট জারি ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক ভিসা পরিষেবাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কুয়েত সরকার জানিয়েছে, বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটিতে রেড অ্যালার্ট অবস্থা জারি থাকবে। দেশটির প্রতিরক্ষা ও সুরক্ষা কর্মকর্তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। গালফ অঞ্চলে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বহু দেশের দূতাবাস ও ভিসা সেন্টারগুলোতে ভিসা প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিশেষ করে VFS Global-এর মাধ্যমে হওয়া ভিসা পরিষেবাগুলো কুয়েতে বন্ধ রাখা হয়েছে। ভিসা আবেদন, ডকুমেন্ট প্রসেসিং ও সময় বদলের সব কাজ আপাতত বন্ধ রয়েছে এবং আবেদনকারীদের তাদের সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কুয়েত যাত্রায় আগ্রহীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। যাত্রীদের ফ্লাইট ও ভিসাবিষয়ক সব তথ্য পূর্বে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।


কাতার

এন্ট্রি ভিসার মেয়াদ বেড়েছে, বিমান চলাচল এখনো বন্ধ

কাতার সরকার দেশটিতে সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে, যাতে করে বিদেশি নাগরিক ও বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা নিরাপদ অবস্থানে থাকতে পারেন এবং তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এই সিদ্ধান্তটি মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা সমস্যার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। এদিকে কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে এবং দেশটির আকাশসীমা সুরক্ষিত আছে। কাতার নিরাপত্তা বাহিনী ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে যুক্ত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করেছে, যারা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতায় হুমকি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এদিকে,কাতারের হামিদ এয়ারপোর্টে আটকে পড়া ৮ হাজারেও বেশি ট্রানজিট যাত্রীর ভিসা বাড়ানো, হোটেলসহ অন্যান্য ব্যবস্থা প্রদান করা হচ্ছে, যাতে তারা নিরাপদে অবস্থান করতে পারে এবং প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন। এছাড়া কাতারের মন্ত্রিপরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির কাছে খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় পণ্যগুলোর পর্যাপ্ত মজুত রয়েছে এবং কোনো ধরনের সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাই নাগরিক-বাসিন্দাদের আতঙ্কিত না হতে অনুরোধ করা হয়েছে।


সৌদি আরব

সৌদি কোনো হুমকিতে মাথা নত করবে না

সৌদি আরবের মন্ত্রিসভা ঘোষণা করেছে, যে কোনো হুমকির কাছে তারা মাথা নত করবে না। আর তাই দেশটির প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় প্রস্তুত রয়েছে। তারা দেশের নিরাপত্তা রক্ষায় প্রতিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করবে। সৌদি সরকার বলেছে, দেশটির প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি ৯টি ড্রোনকে শনাক্ত ও ধ্বংস করেছে, যা রিয়াদের আকাশসীমায় প্রবেশ করেছিল। আকাশসীমায় বিপজ্জনক কিছু দেখা মাত্রই তা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তার্কি আল মালিকি। যুদ্ধ শুরুর পর থেকে সৌদিতে প্রাণহানির খবর পাওয়া না গেলেও দেশটির মার্কিন দূতাবাস কম্পাউন্ড ও আরামকোর তেলের ডিপোতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। 


ওমান

ওমানে নিরাপত্তা নির্দেশনা, শৌখিন ড্রোন উড়ানো বন্ধ

ওমান সরকার দেশের সমস্ত ড্রোন ও আকাশ কার্যক্রমের পারমিট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। এতে স্থানীয় ও আন্তর্জাতিক ড্রোন অপারেটর, ফটোগ্রাফি/ভিডিও ড্রোন ইউজার, ও কমার্শিয়াল ফ্লাইট অপারেশনগুলো অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারের উদ্দেশ্য, চলমান আঞ্চলিক নিরাপত্তা অবস্থার মধ্যে দেশের আকাশসীমার সুরক্ষা আরো জোরদার করা। একই সময়ে ওমানের পাবলিক প্রসিকিউশন জনগণকে কঠোরভাবে সতর্ক করেছে দেশের অখণ্ডতাকে বিঘ্নিত করে বা জননিরাপত্তা নষ্ট হতে পারে এমন কোনো কনটেন্ট সামাজিক মাধ্যমে বা অনলাইনে শেয়ার বা প্রচার না করার জন্য।প্রচার বা বিভ্রান্তকর ভিডিও বা ছবি শেয়ার করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

Logo