Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আহতদের দেখতে হাসপাতালে বাহরাইনের ক্রাউন প্রিন্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১৪:১৩

আহতদের দেখতে হাসপাতালে বাহরাইনের ক্রাউন প্রিন্স

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আঘাত সইতে হচ্ছে বাহরাইনের নাগরিক ও বাসিন্দাদের। দেশটিতে এখন পর্যন্ত একজন বাংলাদেশি কর্মী মো. তারেক নিহত এবং দুইজন বাংলাদেশি কর্মী নাজিমুদ্দিন ও কামরুল ইসলাম আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সাম্প্রতিক সংঘাতে আরো কতজন আহত হয়েছেন, তার সুনির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। 

সেসব আহতদের দেখতে হাসপাতালে ছুটে গেছেন বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফা। ৩ মার্চ তিনি বাহরাইনের সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সে গিয়ে আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। ক্রাউন প্রিন্স বলেন, দেশটির নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা বাহরাইন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি। 

এদিকে ২ মার্চ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি আবুল মহসিন তারেকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বাহরাইনি কোম্পানি। বাহরাইন সরকারের পক্ষ থেকে চট্টগ্রামের সন্দ্বীপে তারেকের পরিবারের কাছে শোক জানানো হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, তারেকের মরদেহ বাংলাদেশে পাঠানোর সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কাজ চলছে। 

তারেক গত ২৭ বছর ধরে বাহরাইনে কাজ করে পরিবারের ভরণপোষণ করছিলেন। আত্মীয়স্বজনরা তাকে পরিবারের জন্য একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন। তার মৃত্যুর ফলে পরিবারে গভীর শূন্যতা তৈরি হয়েছে। গত ২ মার্চ মার্কিন ঘাঁটির কাছে সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান তারেক।  

এছাড়া বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার আহতদের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। নিহত তারেকের মরদেহ বাংলাদেশে পাঠানোর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস। 

Logo