লেবাননে ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:১৩
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে লেবাননে ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR) জানিয়েছে, ২ মার্চ পর্যন্ত লেবাননে ৩১ হাজারের বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। অনেকেই গাড়িতে রাত কাটাচ্ছেন, কেউ কেউ সীমিত মালপত্র নিয়ে পায়ে হেঁটে নিরাপদ এলাকায় যাওয়ার চেষ্টা করছেন।
ইসরায়েলি বাহিনী ইরান-সমর্থিত হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে দক্ষিণ বৈরুত ও দক্ষিণ লেবাননে বিমান হামলা চালাচ্ছে। এর আগে ৫৩টি গ্রামে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে বেকা উপত্যকা, দক্ষিণ বৈরুত এবং দক্ষিণ লেবাননে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর উদ্বেগ প্রকাশ করে বলেছে, বেসামরিক হতাহতের পাশাপাশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বহু পরিবার আবারো বাস্তুচ্যুত হচ্ছে। তারা উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতিতে ফেরার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, আশ্রয়কেন্দ্র খোলার কয়েক ঘণ্টার মধ্যেই তারা গরম খাবার, রেডি-টু-ইট রেশন এবং রুটি বিতরণ শুরু করেছে। সংস্থাটি বলছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরো বাড়বে এবং জরুরি নগদ সহায়তা কর্মসূচি চালু করার প্রস্তুতি চলছে।
এদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। সংঘাতের কারণে আকাশপথ ও সমুদ্রপথে পরিবহন ব্যাহত হওয়ায় মানবিক সরবরাহ শৃঙ্খলেও চাপ তৈরি হয়েছে। ডব্লিউএফপি জানিয়েছে, তারা তুরস্ক, মিসর, জর্ডান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত হয়ে স্থলপথে সরবরাহের চেষ্টা করছে।
logo-1-1740906910.png)