দুবাই ছাড়ছেন ধনীরা; প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:০২
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা দুবাইয়ের মার্কিন ঘাঁটিতে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় স্থবির হয়ে পড়েছে ঝলমলে এই বাণিজ্যনগরী। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় সেখানে আটকে পড়া ধনকুবের ও প্রভাবশালী ব্যক্তিরা এখন মরিয়া হয়ে শহর ছাড়ার চেষ্টা করছেন। বাণিজ্যিক বিমান চলাচল না থাকায় তারা একমাত্র ভরসা হিসেবে বেছে নিয়েছেন প্রাইভেট জেট বা ব্যক্তিগত উড়োজাহাজকে। ফলে আকাশছোঁয়া চাহিদা মেটাতে প্রাইভেট জেটের ভাড়া স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় এখনো অস্থিরতা বিরাজ করছে। ওমান সীমান্ত দিয়ে গাড়ি চালিয়ে অনেকে মাসকাট পৌঁছাচ্ছেন, কারণ সেখান থেকে ইউরোপ বা এশিয়ার ফ্লাইটগুলো এখনো তুলনামূলক সচল। তবে মাসকাট থেকেও প্রাইভেট জেটের ভাড়া এখন আকাশচুম্বী। নেক্সট্যান্টের মতো ছোট জেটে ইস্তাম্বুল যেতে গুনতে হচ্ছে ৮৫ হাজার ইউরো (প্রায় ১ কোটি ২২ লাখ টাকা), যা স্বাভাবিক ভাড়ার তিন গুণ। রিয়াদ থেকে ইউরোপের ফ্লাইটের ভাড়া দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩ লাখ ডলারে। বিমা জটিলতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক জেট কোম্পানি ফ্লাইট পরিচালনা বন্ধ রাখায় এই তীব্র সংকট তৈরি হয়েছে।
সংঘাতের এই উত্তাপ কেবল আকাশপথেই নয়, সমুদ্রপথেও ছড়িয়ে পড়েছে। পারস্য উপসাগরে অন্তত ছয়টি বড় প্রমোদতরি বা ক্রুজ শিপ বর্তমানে মাঝসমুদ্রে আটকা পড়েছে। হাজার হাজার পশ্চিমা পর্যটককে নিরাপত্তার খাতিরে জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না। আবুধাবির জায়েদ বন্দরে ড্রোন হামলার পর সেখানকার ধোঁয়ার কুণ্ডলী দেখে আতঙ্কিত পর্যটকরা নিজ নিজ কেবিনে অবস্থান করছেন। অনেক পর্যটকের জাহাজে থাকার মেয়াদ ৬ মার্চ পর্যন্ত বাড়ানো হলেও চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন তারা।
এদিকে দুবাইয়ে আটকে পড়া পর্যটকদের থাকা নিয়ে হোটেলগুলোতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সরকার আগের ভাড়াতেই পর্যটকদের থাকার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিলেও অনেক রুশ পর্যটক অভিযোগ করেছেন যে, হোটেল কর্তৃপক্ষ তাদের কাছে অতিরিক্ত টাকা দাবি করছে অথবা রিসোর্ট ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে। এর মাঝে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতোর সরকারি বিমানে দুবাই ছাড়ার ঘটনা নিয়ে তার দেশে ব্যাপক রাজনৈতিক সমালোচনা ও পদত্যাগের দাবি উঠেছে। সাধারণ পর্যটকরা যখন আটকা, তখন মন্ত্রীর সপরিবারে অবকাশ যাপন শেষে একা ফিরে আসাকে অমানবিক বলে আখ্যা দিয়েছেন বিরোধীরা।
logo-1-1740906910.png)