মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি
লন্ডভন্ড বিমান চলাচল, যুদ্ধ চলতে পারে মাসখানেক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১৫:৪৮
মধ্যপ্রাচ্যের বড় সব বিমানবন্দর এখন বন্ধ, বিশ্বজুড়ে লন্ডভন্ড হয়ে গেছে ফ্লাইট শিডিউল। বিশ্বব্যাপী বাড়ছে তেলের দাম, ইরান যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত, ইসরায়েলে মারা গেছে ৯ জন, অন্যদিকে ৪৮ ইরানি নেতার মৃত্যুর খবর দিয়ে ট্রাম্প জানালেন, ইরানের সাথে যুদ্ধ চলতে পারে চার সপ্তাহ, আর ইরান জানালো সব হত্যার প্রতিশোধ নিতে দেশটি দৃৃঢ় প্রতিজ্ঞ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রেক্ষাপটে প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে ঘটেছে ড্রোন হামলা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, কুয়েত, বাহরাইনে যুদ্ধের দ্বিতীয় দিনেও দেশগুলোর আকাশে ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাত একই সাথে নিয়মিত বিরতিতে সাইরেনের শব্দ পাওয়া গেছে।
যুদ্ধ পরিস্থিতি আরো বিপজ্জনক দিকে মোড় নিতে থাকায় মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে বিমানবন্দর বন্ধ আছে। ইরান আগেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বন্ধ ইসরায়েলের আকাশসীমাও। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, কুয়েত এবং কাতারও আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। উড়ছে না বিমান, বিমানবন্দরে আটকা পড়েছেন লাখো যাত্রী। কবে ফ্লাইট চালু হবে তা জানা যাচ্ছে না।
বিশ্বের সবচেয়ে ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ আবুধাবি ও দোহার বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই বিমানবন্দর থেকে সব ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যজুড়ে হাজার হাজার ফ্লাইট এই সংকটের কবলে পড়েছে। এতে বিশ্বজুড়ে লন্ডভন্ড হয়ে গেছে ফ্লাইট শিডিউল। মধ্যপ্রাচ্যের এই সংকটে বিমান সংস্থাগুলোকে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে, যা জ্বালানি খরচ ও সময় দুটিই বাড়িয়ে দিয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় বৈশ্বিক বাজারে তেলের দাম হঠাৎ বাড়তে শুরু করেছে। তেল ব্যবসায়ীরা জানিয়েছেন, রোববার তেলের দাম ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা সংঘাত দ্রুত বন্ধ না হলে জ্বালানি তেল ১০০ ডলারে পৌঁছাতে পারে। স্ট্রেইট অব হরমুজে বন্ধ আছে জাহাজ চলাচল, যার মধ্যে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি তেল পরিবহন হয়।
এদিকে, ইরানে সামরিক অভিযানে তিনজন মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়ে বলেছে, নিহত তিন মার্কিন সেনা ইরানের বিরুদ্ধে চলা অভিযান অপারেশন এপিক ফিউরিতে অংশ নিয়েছিল।
যদিও বিপরীতে ইরানের ক্ষয়ক্ষতি বেসুমার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে হামলা শুরুর পর এখন পর্যন্ত দেশটির ৪৮ নেতা নিহত হয়েছেন। একে বড় সাফল্য হিসেবে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট রোববার গণমাধ্যমকে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কেবল নিজেদের জন্য নয়, বিশ্বের জন্য কাজ করছে। ইরানের নতুন নেতৃত্ব এখন আমেরিকার সাথে কথা বলতে চাইছেন বলে দাবি করেছেন ট্রাম্প এবং আলোচনায় তিনি রাজি আছেন। এই যুদ্ধ আর চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে অনুমান ট্রাম্পের।
যদিও ইরান সরকার বলছে ভিন্ন কথা। আল জাজিরার খবরে ইরানের শীর্ষ নেতা আলী লারিজানির বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো প্রকার আলোচনায় যাবে না ইরান। বরং খামেনি হত্যার প্রতিশোধ নিতে আরো কঠোর আক্রমণের প্রতিজ্ঞা করে বসেছে ইরান।
এমন বাস্তবতায় ইরানের ক্ষেপণাস্ত্রের তেজ টের পাচ্ছে ইসরায়েল। মধ্য ইসরায়েলে বেইত শেমেশ শহরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শহরটিতে ১১ জন নিখোঁজ এবং ৪৫ জন আহত হয়েছেন। ইউরোপের দেশ সাইপ্রাসেও একটি ড্রোন আক্রমণের খবর পাওয়া গেছে। পাল্টা আঘাত দিতে ইসরায়েল ইরানের পর এবার লেবাননের বৈরুতে বোমা ফেলেছে।
ইসরায়েল ও মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের মতে, এই যুদ্ধ আরো কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে এবং এর শেষ কোথায় তা এখনই বলা কঠিন। তবে খামেনির মৃত্যু মানেই যে ইরান দ্রুত আত্মসমর্পণ করবে, এমন কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
logo-1-1740906910.png)