Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে এক বাংলাদেশি নিহত, আহত দুইজন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১৫:৪৭

বাহরাইনে এক বাংলাদেশি নিহত, আহত দুইজন

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি লক্ষ্য করে আবারো হামলার ঘটনা ঘটেছে। ২ মার্চ বাহরাইনের স্থানীয় সময় সকালে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলের কাছে থাকা প্রবাসী বাংলাদেশিরা। তাদের পাঠানো ভিডিওতে বাহরাইনের জুফের এলাকায় আমেরিকান নৌঘাঁটির কাছে প্রকাণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে।  

এদিকে, বাহরাইনের শিল্পনগরী সালমান সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি জাহাজসহ সামুদ্রিক স্থাপনা আগুনে পুড়ে গেছে। 

এ ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির মো. তারেক নিহত হয়েছেন। সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালে এ হামলার ঘটনা ঘটে। নিহত তারেক প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরো দুজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহত দুজনকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহরাইনের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলার পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে বাহরাইনের সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।

এদিকে ইরানের ইসলামিক রেভ্যলুশনারি গার্ড কর্পস জানিয়েছে, এটি তাদের ঘোষিত “অপারেশন ট্রু প্রমিজ ৪”–এর অংশ হিসেবে চালানো হামলা। 

বাহরাইনের সালমান সিটি বা মিনা সালমান এলাকায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি অবস্থিত। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বাহরাইনে চলমান আঞ্চলিক পরিস্থিতিতে এটিই প্রথম প্রাণহানির ঘটনা বলে মনে করা হচ্ছে।ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, বাহরাইন সরকার দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত এবং নিরাপদ এলাকায় অবস্থান করতে বলেছে। মূল সড়কে কোনো প্রকার প্রতিবন্ধকতা না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সাইরেন শোনার পর নিরাপদ স্থানে সরে যেতেও বলা হয়েছে নাগরিক ও বাসিন্দাদের।

Logo