কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, ৪ বাংলাদেশিসহ আহত ১২
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ২৩:১৫
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার রেশ এবার স্পর্শ করল তেলসমৃদ্ধ দেশ কুয়েতকে। গত ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এক আকস্মিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় সরাসরি আঘাত ও পরবর্তী হুড়োহুড়িতে অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জন বাংলাদেশি প্রবাসী রয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ওপর ড্রোন হামলার পরপরই সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি এবং ভিড়ের চাপে পিষ্ট হয়েই অধিকাংশ হতাহতের ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে জাবের হাসপাতাল, মুবারক আল-কাবীর, আদানি ও ফারওয়ানিয়া হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ট্রমা সেন্টারগুলোতে বাড়তি চিকিৎসক ও নার্স মোতায়েন করে চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।
আহতদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে রোববার (১ মার্চ) ফারওয়ানিয়া হাসপাতালে যান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলেন।
আহত বাংলাদেশিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আমিনুল ইসলাম, পাবনার রকিবুল ইসলাম, নোয়াখালীর মাসুদুর রহমান ও কুমিল্লার দুলাল মিয়া। হাসপাতালে কর্মরত বাংলাদেশি প্রজেক্ট ম্যানেজার মো. হুসেন জানান, আহতদের মধ্যে আমিনুল ইসলামের আঘাত তুলনামূলক গুরুতর। তার পায়ে আঘাতের কারণে ‘স্কিন গ্রাফটিং’ প্রয়োজন হলেও বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। অন্য তিনজন আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করা হয়েছে।
এদিকে, এই হামলার পর কুয়েত সিটির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে এবং প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নাগরিক সুরক্ষা বিভাগ জনসাধারণকে শান্ত থাকার এবং যে কোনো ধরনের গুজব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছে।
logo-1-1740906910.png)
