Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইরানের হামলায় আমিরাতে মারা গেছেন বড়লেখার সালেহ আহমেদ

ইরানের হামলায় আমিরাতে মারা গেছেন বড়লেখার সালেহ আহমেদ

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় তিনজন নিহত এবং ৫৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে এক বাংলাদেশি, ভারতীয় ও নেপালি রয়েছেন। প্রবাসী বাংলাদেশি যিনি মারা গেছেন, তার নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা এবং আজমানে ডেলিভারি কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হলে আকস্মিক বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে রোববার সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। 

আহতদের মধ্যেও বাংলাদেশিরা রয়েছেন বলে জানিয়েছে আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজ। বাংলাদেশি ছাড়াও আহতদের মধ্যে আমিরাত, মিসর, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিকরা আছেন। 

সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ভূপাতিত করার পর সেসবের ধ্বংসাবশেষ ভূমিতে পড়ার পর তার আঘাতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

এদিকে, আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জরুরি বার্তায় প্রবাসী বাংলাদেশিদের জানিয়েছেন, তারা যেন পরিপূর্ণভাবে আমিরাত সরকারের নির্দেশনা মেনে চলেন এবং সতর্কতার সাথে চলাফেরা করেন। 

এদিকে, আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের আক্রমণ শুরু হওয়ার পর থেকে ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল ও ৫৪১টি ড্রোন তারা প্রতিহত করেছে। ভূপাতিত হওয়া ১৩টি মিসাইলের ধ্বংসাবশেষ সমুদ্রে পড়েছে। তবে দেশটিতে এসব হতাহতের ঘটনায় প্রবাসী কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Logo