Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১ মার্চ ২০২৬

বাহরাইন, কাতার, কুয়েতে বাজছে সাইরেন, আকাশে ধ্বংস হচ্ছে ক্ষেপণাস্ত্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১৯:১২

বাহরাইন, কাতার, কুয়েতে বাজছে সাইরেন, আকাশে ধ্বংস হচ্ছে ক্ষেপণাস্ত্র

বাহরাইন

বাহরাইন ধ্বংস করেছে ক্ষেপণাস্ত্র, নিরাপত্তা নির্দেশনা মানতে অনুরোধ

বাহরাইনের এয়ার ডিফেন্স ব্যাটালিয়নগুলো দেশটির আকাশসীমায় ৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৯টি ড্রোন সফলভাবে আকাশেই প্রতিহত করেছে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী আকাশসীমা রক্ষা করতে পুরোপুরি সক্ষম, যাতে ক্ষেপণাস্ত্রগুলো আবাসিক এলাকা পর্যন্ত পৌঁছাতে না পারে। তবে বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের ওপরের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামায় বেশ কটি উঁচু ভবন লক্ষ্য করে হামলা হয়েছে, তাতে ক্ষয়ক্ষতি হয়েছে।বাহরাইন থেকে এখনো সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে চলে গেছে। ৭০ শতাংশ কর্মচারীদের হোম অফিস করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারালয়ের কার্যক্রমও সাময়িক স্থগিত করা হয়েছে। বাহরাইন সরকার নাগরিক ও বাসিন্দাদের সরকারি ঘোষণা ও নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার জন্য অনুরোধ করেছে।


কুয়েত

কুয়েতের বাসিন্দারা আতঙ্কিত, পানি কেনায় বসেছে ক্যাপ 

ইরান মার্কিন সম্পর্কের জেরে হামলা চালিয়েছে কুয়েতেও। আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার নাগরিক বাসিন্দারা। দেশটির অধিকাংশ নাগরিক ও বাসিন্দা প্যানিক বায়িংয়ের দিকে ঝুঁকছেন। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বাজারে পর্যাপ্ত খাদ্য ও সুপেয় পানি ও নিত্যপণ্যের স্টক রয়েছে। তাই বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত পানি কিনছেন। এমন বাস্তবতায় খুচরা পর্যায়ে একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কার্টন পানি কিনতে পারবেন বলে জানানো হয়েছে। এছাড়া কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগমন ও প্রস্থান ফ্লাইট স্থগিত করা হয়েছে। বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরো জানানো হয়েছে, ফ্লাইটগুলোর নতুন সময়সূচি পরে সরাসরি যাত্রীদের টিকিটে থাকা যোগাযোগ নম্বরের মাধ্যমে জানানো হবে। 


সংযুক্ত আরব আমিরাত

আমিরাত আকাশেই ধ্বংস করেছে ইরানের ক্ষেপণাস্ত্র

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির এয়ার ডিফেন্স ইরানের মোট ১৩৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে, যার মধ্যে ১৩২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে গেছে এবং পাঁচটি সমুদ্রে পড়েছে। অন্যদিকে ড্রোনগুলোর মধ্যে ১৯৫টি ড্রোন ধ্বংস করা সম্ভব হয়েছে। যদিও কিছু ড্রোন বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পড়ার কারণে ওই সব জায়াগায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সামান্য ক্ষতি হয়েছে এবং চারজন কর্মী আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতির কারণে অধিকাংশ টার্মিনাল থেকে অনেক আগেই যাত্রীদের সরিয়ে নেওয়া হয় এবং আহত ব্যক্তিরা দ্রুত চিকিৎসা পেয়েছেন।


কাতার

কাতারেও ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৮ জন

কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম ইরান থেকে ছোড়া ৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে ৬৩টি ক্ষেপণাস্ত্র ও ১১টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে এবং বাকিগুলো ভূপাতিত হওয়ার আগেই আটকানো হয়েছে। যদিও হামলার তীব্রতার কারণে আল উদেইদ বিমান ঘাঁটির কাছাকাছি দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কারো মৃত্যু না হলেও আটজন মানুষ আহত এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ জনগণকে শান্ত থাকার, সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে। কাতার ইরানের এই হামলাকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করে কঠোরভাবে নিন্দা জানিয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে ঘরের ভেতরে থাকার অনুরোধ জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশের সুষ্ঠু নিরাপত্তা পরিস্থিতি ও আকাশসীমা পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি সম্পর্কে বিবৃতি দিয়ে মন্ত্রণালয় নাগরিক বাসিন্দাদের অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে সতর্ক করা হয়েছে।এছাড়া সবাইকে সরকারি নির্দেশনা ও নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে। 


সৌদি আরব

সৌদিতে বন্ধ বিমান চলাচল, হামলার নিন্দা ক্রাউন প্রিন্সের

সৌদি এয়ারলাইন্স সৌদিয়া আঞ্চলিক পরিস্থিতির কারণে তাদের ফ্লাইটগুলো সাময়িকভাবে বাতিল বা স্থগিত করেছে। ২ মার্চ পর্যন্ত আম্মান, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইন, মস্কো এবং পেশোয়ারের ফ্লাইটগুলো বাতিল রাখা হয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং আক্রমণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।তিনি গালফভুক্ত দেশগুলোর ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি প্রথমে জার্মান চ্যান্সেলর, মরক্কোর রাজা ও লেবাননের প্রধানমন্ত্রীর সাথে দেশগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলাপ করেন। মরক্কোর শাসক ইরানের হামলার নিন্দা জানিয়ে সৌদি আরবের প্রতি পূর্ণ সহানুভূতি ও ঐক্য ব্যক্ত করেন। এসব ফোনালাপের মধ্যে ক্রাউন প্রিন্স ও সংশ্লিষ্ট নেতারা আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিণতি নিয়ে মতবিনিময় করেছেন।


ওমান 

ওমানে বন্ধ রয়েছে বিমান চলাচল

মধ্যপ্রাচ্যে সংঘাতের এই সময়ে বন্ধ রয়েছে বেশ কয়েকটি রুটে বিমান চলাচল। ওমান এয়ার ও সালাম এয়ার আঞ্চলিক উত্তেজনার কারণে কিছু নির্দিষ্ট ফ্লাইট বাতিল ও সাময়িকভাবে স্থগিত করেছে। বিমান সংস্থগুলো জানিয়েছে মস্কো, আম্মান  ও খাসাবের ফ্লাইটগুলো অনির্দিষ্টকালের জন্য সেই সাথে দুবাই, বাহরাইন, দোহা, দাম্মাম ও কুয়েত সিটির ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাকি রুটগুলো সিডিউল অনুযায়ী চলছে। সালাম এয়ার জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা ফ্লাইট বাতিল করার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। 

Logo