মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান উত্তেজনার মুখেও সংযুক্ত আরব আমিরাতের বাজার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির অর্থনীতি ও পর্যটন মন্ত্রণালয়। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৌশলগত মজুত অত্যন্ত শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমিরাত পুরোপুরি সক্ষম। জনসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, খাদ্যদ্রব্য বা জরুরি সামগ্রীর ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা বা 'প্যানিক বায়িং' করার কোনো প্রয়োজন নেই।
আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি জানিয়েছেন যে, দেশের নেতৃত্ব দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে একটি স্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে। যার ফলে যে কোনো আঞ্চলিক বা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। তিনি স্পষ্ট করে বলেন, খাদ্য নিরাপত্তা এবং পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। বর্তমানে দেশটির খুচরা বাজার এবং আউটলেটগুলোতে খাদ্য ও খাদ্যবহির্ভূত সব প্রয়োজনীয় সামগ্রী পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এমনকি যদি সরবরাহ ব্যবস্থা সাময়িকভাবে বাধাগ্রস্তও হয়, তবুও অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো বিশাল মজুত আমিরাতের রয়েছে।
বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং অসাধু উপায়ে দাম বৃদ্ধি রোধ করতে মন্ত্রণালয় একটি উন্নত ইলেকট্রনিক প্রাইস-মনিটরিং সিস্টেম ব্যবহার করছে। এই প্রযুক্তির মাধ্যমে সরবরাহকারী এবং খুচরা বিক্রেতাদের কাছে থাকা পণ্যের মজুত ও দামের ওপর সরাসরি নজরদারি চালানো হচ্ছে। নিয়মিত বিরতিতে মাঠ পর্যায়ে পরিদর্শন এবং তথ্য বিশ্লেষণ করা হচ্ছে, যাতে বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয়। বিশেষ করে আসন্ন রমজানকে সামনে রেখে অতি প্রয়োজনীয় ৯টি মৌলিক পণ্যের দাম অনুমোদহীনভাবে বাড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে সাধারণ ভোক্তারা সঠিক মূল্যে মানসম্মত পণ্য পাওয়ার ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।
সরকার আমদানিকারক ও বড় ব্যবসায়ীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে, যাতে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমদানি রুটে কোনো পরিবর্তন আসলেও বাজারে তার প্রভাব না পড়ে। আমিরাতের এই শক্তিশালী সরবরাহ ব্যবস্থা এবং সময়োপযোগী পদক্ষেপ আঞ্চলিক অস্থিরতার মাঝেও সাধারণ নাগরিকদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। মন্ত্রণালয় পুনরায় আশ্বস্ত করেছে, দেশের প্রতিটি প্রান্তে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
logo-1-1740906910.png)