কুয়েতে আহতদের পাশে প্রধানমন্ত্রী, হাসপাতালে গিয়ে নিলেন খোঁজখবর
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১০:৪১
মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক উত্তেজনার আঁচ লেগেছে কুয়েতেও। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা এবং পরবর্তী অস্থিরতায় অন্তত ১২ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আমিনুল ইসলাম (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যিনি বর্তমানে ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ স্বয়ং ফারওয়ানিয়া হাসপাতাল পরিদর্শন করে আহত নাগরিক ও প্রবাসীদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। আমিনুলের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করেছেন হাসপাতালে কর্মরত বাংলাদেশি প্রজেক্ট ম্যানেজার মো. হুসেন।
আঞ্চলিক এই উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতের বিভিন্ন এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় নিরাপদ আশ্রয়ের খোঁজে তাড়াহুড়ো করে ছুটতে গিয়ে এবং ভিড়ের চাপে পিষ্ট হয়ে অধিকাংশ মানুষ আহত হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে জাবের হাসপাতাল, মুবারক আল-কাবীর এবং আদানি হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অধিকাংশের চোট গুরুতর না হলেও পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং ট্রমা সেন্টারগুলোতে বাড়তি চিকিৎসক ও নার্স মোতায়েন করা হয়েছে।
এদিকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নাগরিক সুরক্ষা বিভাগ দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে। বর্তমানে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নিরাপত্তা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বাড়ানো হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।
জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার জন্য জনগণকে উৎসাহিত করা হচ্ছে।
logo-1-1740906910.png)
