মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৮ ফেব্রুয়ারি ২০২৬
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা, আবুধাবিতে এক প্রবাসী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৫
বাহরাইন
বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আতঙ্কে প্রবাসীরা
বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌ বহরের ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের বিভিন্ন শহরে ইসরায়েল ও আমেরিকার হামলার পর প্রতিক্রিয়ায় এসব হামলা চালায় ইরান। এ সময় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার তোড়ে কেঁপে উঠে বাহরাইন। এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গেল ২৬ ফেব্রুয়ারি এই ঘাঁটি থেকেই হাজারো সেনাদের সরিয়ে নিয়েছিল আমেরিকা। হামলার সময় বাহরাইনের আকাশে উড়তে দেখা গেছে হেলিকপ্টারও। একের পর এক আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েন বাহরাইনের নাগরিক আর বাসিন্দারা। বন্ধ হয়ে গেছে সব ধরনের বিমান চলাচল। চলমান যুদ্ধ আতঙ্কে বাহরাইনের নাগরিক বাসিন্দারা বাজার ও দোকান থেকে নিত্যপণ্যের অতিরিক্ত কেনাকাটা শুরু করেছেন। বন্ধ হয়ে গেছে শেখ খলিফা ব্রিজ। বন্ধ হয়ে গেছে বিমান চলাচল।
এদিকে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাহরাইনে অবস্থিত সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে। সবাইকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। নগদ টাকা, সিপিআর, ওষুধ, শুকনো খাবার, মোবাইল চার্জারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সব সময় নিজের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কাছে না যেতেও বাসিন্দাদের নির্দেশ দিয়েছে বাহরাইন সরকার।
সংযুক্ত আরব আমিরাত
ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আবুধাবিতে এক এশীয় প্রবাসীর মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর কিছু ধ্বংসাবশেষ আবুধাবির একটি আবাসিক এলাকায় পড়ে, এতে আবুধাবিতে একজন এশীয় প্রবাসী নিহত হয়েছেন। তবে আমিরাত জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই সফলভাবে প্রতিহত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমিরাতের সরকার এই হামলাকে দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে জানিয়েছে, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং জনগণকে কেবল সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে বন্ধ রয়েছে আমিরাতের বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট।
কাতার
একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে কাতার
কাতারেও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে এক বা একাধিক হামলা প্রতিহত করেছে। ফলে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং দেশটির নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা সংস্থাগুলো ২৪ ঘণ্টা নজরদারি করছে। সরকার সাধারণ মানুষকে অনুমোদিত ও সরকারি মাধ্যমে প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করে চলাচল করতে অনুরোধ জানিয়েছে। সেইসাথে কোন ধরনের গুজবে কান না দিয়ে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বর্তমানে নিরাপত্তার কারণে বন্ধ আছে দেশটির আকাশপথ।
এদিকে, কাতার সরকার ইরানের এই হামলাকে তাদের জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক আইনের অধীনে প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছে।
কুয়েত
কুয়েত থেকে বন্ধ হয়ে গেছে সব রকম বিমান চলাচল
কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তবে কুয়েতের আকাশ নিরাপত্তা কর্তৃপক্ষ সফলভাবে মিসাইলগুলোকে প্রতিহত করেছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলমান পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে যাত্রী ও বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা যায়। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এই হামলাকে দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে কঠোরভাবে এর নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, প্রয়োজনে আক্রমণের স্কেল ও প্রকৃতির সাথে মিল রেখে পালটা জবাব দিতে কুয়েতও প্রস্তুত।
সৌদি আরব
গালফ দেশে হামলায় সৌদি আরবের তীব্র নিন্দা
সৌদি আরব গালফভুক্ত দেশ কাতার, কুয়েত, বাহরাইন, আমিরাত ও জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সৌদির শ্রদ্ধাশীল অবস্থান থাকবে। এদিকে, সৌদি আরবের এভিয়েশন অথরিটি ট্রাভেল এলার্ট জারি করেছে।বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির অধিকাংশ ফ্লাইট। রিয়াদের কিং খালিদ, জেদ্দা এয়ারপোর্ট ও দাম্মাম এয়ারপোর্টে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যাত্রীদের এসব বিমানবন্দর ব্যবহার করার আগে বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)