প্রবাসী বাংলাদেশি ডেলিভারি ম্যানের তেলাওয়াতে মুগ্ধ পুরো কাতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬
কাতারে কর্মরত এক বাংলাদেশি ডেলিভারি ম্যানের হৃদয়ছোঁয়া কোরআন তেলাওয়াত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে তাকে এনে দিয়েছে বিশেষ সম্মান। তার নাম তানিম আহমাদ। তিনি কাতারের জনপ্রিয় অনলাইন ডেলিভারি অ্যাপ ও ই-কমার্স প্ল্যাটফর্ম স্নুনুতে কাজ করেন।
ঘটনার শুরু হয় এক সহকর্মীর অনুরোধে। সহকর্মী তানিমকে কোরআন তেলাওয়াত করতে বলেন এবং সেই মুহূর্তটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং অসংখ্য মানুষ তানিমের সুমধুর কণ্ঠে মুগ্ধ হন। ভিডিওটি পৌঁছে যায় স্নুনুর প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা হামদ আল হাজেরির কাছে। তিনি নিজেও তানিমের তেলাওয়াতে বিমুগ্ধ হয়ে তাকে ওমরাহ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামদ আল হাজেরি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি তানিমের সঙ্গে সাক্ষাৎ করেন। ভিডিওতে তিনি বলেন, তানিম আরবি বা ইংরেজি কোনো ভাষায় কথা বলতে পারেন না, কিন্তু অত্যন্ত শুদ্ধ ও সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, একজন মানুষ কীভাবে আরবি ভাষা না জেনেও এত নিখুঁতভাবে কোরআন তেলাওয়াত করতে পারে এবং হাফেজ হতে পারে, তা সত্যিই আশ্চর্যজনক।
তানিমের সহকর্মী আল জাজিরাকে জানান, তিনি তার বাংলাদেশি সহকর্মীর এই প্রতিভা সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করেছিলেন। কিন্তু এত দ্রুত ভাইরাল হবে তা তিনি ভাবেননি। খুব অল্প সময়ের মধ্যেই ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে যায় এবং প্রশংসা কুড়ায়।
এরপর তানিমের আরেকটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, তিনি দোহার রাস্তায় সাইকেলে ডেলিভারি দিতে যাচ্ছেন এবং একই সঙ্গে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন। এই ভিডিওটিও নেটিজেনদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।
তানিমের এই প্রতিভা শুধু তার সহকর্মীদের নয়, বরং পুরো কাতারজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। স্নুনুর মালিক হামদ আল হাজেরি তাকে ওমরাহ পুরস্কার দেওয়ার পাশাপাশি আর্থিক পুরস্কারের প্রতিশ্রুতিও দিয়েছেন।
logo-1-1740906910.png)