Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

পথচারীদের রাস্তা পারাপারে অগ্রাধিকার; শারজাহ পুলিশের কড়া বার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫

পথচারীদের রাস্তা পারাপারে অগ্রাধিকার; শারজাহ পুলিশের কড়া বার্তা

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন আরো কঠোর করেছে শারজাহ পুলিশ। এখন থেকে নির্দিষ্ট পথচারী পারাপার বা জেব্রা ক্রসিংয়ে পথচারীদের অগ্রাধিকার না দিলে চালকদের ৫০০ দিরহাম জরিমানা এবং ৬টি ব্ল্যাক পয়েন্টের মুখোমুখি হতে হবে। শারজাহ পুলিশের ট্রাফিক সচেতনতা শাখার পরিচালক মেজর সৌদ আল শাইবা এবং ক্যাপ্টেন হুমাইদ আল হাম্মাদি এক যৌথ বার্তায় এই সতর্কবার্তা প্রদান করেছেন। তারা জানান, রাস্তায় পথচারীরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন, তাই তাদের সুরক্ষা নিশ্চিত করা কেবল আইনি নয়, একটি মানবিক দায়িত্বও বটে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আবাসিক এলাকা, স্কুল জোন এবং ব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলোতে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে এই বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অনেক সময় চালকরা জেব্রা ক্রসিংয়ের কাছে গতি না কমিয়ে বা পথচারীকে পার হওয়ার সুযোগ না দিয়ে আইন লঙ্ঘন করেন, যা ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। আইনের তোয়াক্কা না করে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ঠেকাতে শারজাহ পুলিশ নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করছে। চালকদের পাশাপাশি পথচারীদের জন্যও রয়েছে নির্দিষ্ট নির্দেশনা। পথচারীরা যদি সিগন্যাল অমান্য করেন কিংবা নির্ধারিত স্থান ছাড়া অন্য জায়গা দিয়ে রাস্তা পার হন, তবে তাদেরও ৪০০ দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে।

বর্তমানে পবিত্র রমজান মাসকে সামনে রেখে 'সেফ রোডস ডিউরিং রমজান' ক্যাম্পেইনের আওতায় এই প্রচারণাকে আরো জোরদার করা হয়েছে। রমজানের ব্যস্ত সময়ে চালকদের পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে ইফতারের আগমুহূর্তে তাড়াহুড়ো করে গাড়ি চালানোর সময় চালকরা যেন পথচারীদের অধিকারের কথা ভুলে না যান, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। সামান্য সময়ের অন্যমনস্কতা বা অসতর্কতা যে কারো জীবনের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।

শারজাহ পুলিশ স্পষ্ট করে জানিয়েছে যে, রাস্তার নিরাপত্তা বজায় রাখা একটি সম্মিলিত প্রচেষ্টা। চালকদের যেমন নির্ধারিত ক্রসিংয়ে পথচারীদের অগ্রাধিকার দিতে হবে, তেমনি পথচারীদেরও নিরাপদ পারাপারের জন্য কেবল নির্দিষ্ট সংকেত ও স্থান ব্যবহার করতে হবে। আইনের প্রতি সম্মান প্রদর্শন এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়ক দুর্ঘটনা ও গুরুতর আহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব। নিরাপদ শারজাহ নিশ্চিত করতে প্রত্যেক নাগরিক ও প্রবাসীকে ট্রাফিক আইন মেনে চলার জন্য পুনরায় অনুরোধ জানানো হয়েছে।

Logo