বাহরাইনে বিমানবন্দরের কাছে কবুতর লালন-পালন বারণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২
বাহরাইনে বিমানবন্দরের আশপাশে কবুতর খাওয়ানো ও পালন না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। হিদ থানার প্রধান কর্নেল ড. ওসামা বাহার জানিয়েছেন, বিমানবন্দরের আশপাশে প্রায় এক হাজার কবুতর রয়েছে, যারা অনিয়মিতভাবে উড়ে বেড়ায়। এতে উড়োজাহাজ ওঠানামার সময় ‘বার্ড স্ট্রাইক’-এর ঝুঁকি বাড়ছে।
গালফ ডেইলি নিউজে প্রকাশিত সংবাদে জানা যায়, কবুতর খাওয়ানো শুধু বিমান চলাচলের জন্য নয়, সমাজের জন্যও হুমকি তৈরি করছে। অতীতে একাধিকবার মানুষকে সতর্ক করা হলেও অনেকেই এখনো বিমানবন্দরের কাছাকাছি এলাকায় কবুতর পালন ও খাওয়ানো চালিয়ে যাচ্ছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, বার্ড স্ট্রাইক বিমান চলাচলের অন্যতম বড় ঝুঁকি। উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢুকে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই বিমানবন্দরের আশপাশে পাখি খাওয়ানো বা পালন বন্ধ করা জরুরি।
বাহরাইনের পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। তারা আহ্বান জানিয়েছেন, কবুতরপ্রেমীরা যেন তাদের পাখি বিমানবন্দর থেকে দূরে রাখেন।
logo-1-1740906910.png)