Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে দূতাবাসের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩

বাহরাইনে দূতাবাসের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন

বাহরাইনের আরব ওপেন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে বাংলাদেশ দূতাবাস ও বাহরাইনস্থ জাতিসংঘ কার্যালয় ও আরব ওপেন ইউনিভার্সিটির সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি।  

অনুষ্ঠান কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয় এবং ইউনেস্কো কর্তৃক প্রেরিত একটি ভিডিও বার্তা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার তার স্বাগত বক্তব্যে ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতি যে ত্যাগ স্বীকার করেছে, তা বিশ্ব ইতিহাসে অনন্য। বিদেশে বসে থেকেও নতুন প্রজন্মকে মাতৃভাষার চর্চা ও মর্যাদা বজায় রাখতে উৎসাহিত করার ওপর তিনি জোর দেন।  

অনুষ্ঠানে কূটনৈতিক মহলে একটি বিশেষ সাংস্কৃতিক পর্ব আয়োজন করা হয়, যেখানে বাহরাইনে নিযুক্ত ১৩টি দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ মাতৃভাষায় কবিতা আবৃতি করেন। কবিতা আবৃতির মাধ্যমে উপস্থিত দর্শকরা ভিন্ন ভাষার সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করেন। কবিতা আবৃতিতে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে ছিল চীন, মিসর, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, লেবানন, মালয়েশিয়া, নেপাল, কোরিয়া, আমেরিকা, রাশিয়া ও বাংলাদেশ।  

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কিং হামাদ গ্লোবাল সেন্টার ফর পিসফুল কো-এক্সিস্টেন্সের নির্বাহী পরিচালক মিস মুনীরা নাওফল আল-দোসেরী। বিশেষ অতিথি ছিলেন আরব ওপেন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. নাজমা ত্বাকী এবং বাহরাইনে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি খালিদ আল-মিকওয়াদ। সাংস্কৃতিক ও কূটনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিসের ডিরেক্টর জেনারেল মিস ফারাহ মোহাম্মদ মাততার, ডিরেক্টর অব কালচার মিস হুদা সাইদ আব্দুল গাফফার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাক্টিং চিফ অ্যাম্বাসেডর মোহাম্মদ রাশেদ আল সুয়াইদি, চিফ অব অর্গানাইজেশন হাতেম আব্দুলহামিদ হাতেম, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার চিফ মিস আয়শাত এহমা শারীফ এবং শিল্পী সাইয়্যেদ আব্বাস আল-মিসাওয়ী।  

দূতাবাস আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র গ্রুপে বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রদর্শিত চিত্রকর্মের উদ্বোধন করেন রাষ্ট্রদূত; প্রদর্শনীতে বাহরাইনস্থ প্রায় ১১টি স্কুলের ৭২টি চিত্রকর্ম স্থান পেয়েছে। রাষ্ট্রদূত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানান এবং বিশেষভাবে বাংলাদেশ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Logo