Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

রমজানের প্রথম সপ্তাহে দুবাইয়ে ২৬ জন ভিক্ষুক গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫

রমজানের প্রথম সপ্তাহে দুবাইয়ে ২৬ জন ভিক্ষুক গ্রেপ্তার

দুবাই পুলিশ রমজানের প্রথম সপ্তাহে ভিক্ষাবিরোধী বার্ষিক অভিযানের অংশ হিসেবে বিভিন্ন জাতীয়তার ২৬ জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে। শহরের বিভিন্ন থানার সহযোগিতায় জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন এই অভিযান পরিচালনা করে। “কমব্যাট বেগিং” শীর্ষক এই ক্যাম্পেইনটি চালানো হচ্ছে “এক সচেতন সমাজ, ভিক্ষাবৃত্তিমুক্ত সমাজ” স্লোগান নিয়ে।  

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্পেইন বাস্তবায়নে দুবাই পুলিশের সঙ্গে কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স এবং ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট। এর মূল উদ্দেশ্য হলো দেশের ভাবমূর্তি রক্ষা করা এবং ভিক্ষাবৃত্তি প্রতিরোধ করা।  

সন্দেহভাজন ও অপরাধ প্রবণতা বিষয়ক বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার আলি সালেম আল শামসি জানিয়েছেন, এই ক্যাম্পেইন প্রতি বছরই সফলভাবে ভিক্ষুকের সংখ্যা কমাতে সাহায্য করছে। তিনি বলেন, রমজানের মতো দয়া ও উদারতার মাসে কিছু মানুষ প্রতারণামূলক কৌশল ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করে। শিশু, অসুস্থ ব্যক্তি কিংবা প্রতিবন্ধীদের ব্যবহার করে সহানুভূতি আদায়ের ঘটনাও রেকর্ড করা হয়েছে।  

তিনি জোর দিয়ে বলেন, দানের জন্য সরকারি অনুমোদিত চ্যারিটি ও মানবিক সংগঠন রয়েছে। সেখানেই দান করলে তা প্রকৃত প্রাপকের কাছে পৌঁছায়। তাই নাগরিকদের উচিত ভিক্ষুকদের কাছে না গিয়ে স্বীকৃত চ্যানেলের মাধ্যমে দান করা।  

দুবাই পুলিশ জনগণকে আহ্বান জানিয়েছে, ভিক্ষুক দেখলে টোল-ফ্রি নম্বর ৯০১-এ ফোন করতে অথবা “পুলিশ আই” নামের স্মার্ট অ্যাপের মাধ্যমে রিপোর্ট করতে। অনলাইনে ভিক্ষাবৃত্তির ঘটনা থাকলে তা ই-ক্রাইম প্ল্যাটফর্মে জানানো যাবে।  

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভিক্ষাবৃত্তি দমন শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব। রমজান মাসে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের সহযোগিতা অপরিহার্য। 

Logo