রিয়াদে দেশীয় স্বাদের ইফতার, প্রবাসীদের মনে রমজানের আবেগ
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৭
রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর দুয়ারে হাজির হয়েছে পবিত্র মাস রমজান। আর এই বরকতময় মাসকে ঘিরে নতুন আবহ তৈরি হয়েছে সৌদির রাজধানী রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে।
পবিত্র ভূমি সৌদির রাজধানী রিয়াদে রমজানকে ঘিরে জমে উঠেছে বাংলাদেশি হোটেল ও খাবারের দোকানগুলো। ইফতারকে সামনে রেখে সাজানো হয়েছে বেগুনি, পিয়াজু, ছোলা, হালিম, জিলাপি ও নানা ঐতিহ্যবাহী খাবার। দেশীয় স্বাদের এসব আয়োজন প্রবাসীদের মনে ফিরিয়ে আনছে শৈশব-কৈশোরের স্মৃতি, পরিবারের সঙ্গে ইফতারের টেবিলে বসার আবেগ।
ক্রেতারা জানান, হাজার মাইল দূরে থেকেও এমন ইফতার আয়োজনে তারা খুঁজে পান দেশের ঘ্রাণ। কেউ বলেছেন, কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে রমজানে এই সামান্য ইফতারের আয়োজনই তাদের মানসিক প্রশান্তির বড় অবলম্বন। আবার অনেকে আশা প্রকাশ করেন, রমজানের এই পবিত্র মাস তাদের জীবনে বরকত বয়ে আনবে, দূর হবে প্রবাস জীবনের কষ্ট।
রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও ধর্মীয় আবহ, তারাবির নামাজ ও ইফতারের মিলনমেলা যেন এক ভিন্ন মাত্রা যোগ করেছে সৌদি আরবের বাংলাদেশি কমিউনিটিতে।
দেশ থেকে বহু দূরে থাকলেও ইফতারের টেবিলে দেশীয় স্বাদ আর সম্মিলিত প্রার্থনায় একাত্মতার বন্ধনে আবদ্ধ হচ্ছেন প্রবাসীরা। তাদের প্রত্যাশা- এই রমজান বয়ে আনুক শান্তি, কল্যাণ ও প্রিয়জনদের সঙ্গে দ্রুত মিলনের সুখবর।
logo-1-1740906910.png)
