Logo
×

Follow Us

বাংলাদেশ

১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি আরব: রাষ্ট্রদূত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩

১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি আরব: রাষ্ট্রদূত

২০২৫ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য সৌদি সরকার মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এর মধ্যে ৭ লাখ ৫০ হাজার কর্মভিসা রয়েছে। ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৬ সালে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়া সৌদি আরব সফর করেন। উভয় পক্ষই বিশ্ব মুসলিম ঐক্য সুদৃঢ়করণে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন।  

পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য ও মুসলিম উম্মাহর শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। তিনি সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দুই দেশের ভৌগোলিক কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অন্যান্য অগ্রাধিকার খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।  

তিনি আরো উল্লেখ করেন, ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে প্রায় দুই লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে সৌদি আরব সহযোগিতা করেছিল। বর্তমানে বাংলাদেশে অবস্থানরত প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য সৌদি আরবের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন এবং মিয়ানমারে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সৌদি সহযোগিতা কামনা করেন।  

সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বর্তমান সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি সমন্বিত ও ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, সৌদি আরবে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলমান থাকায় দক্ষ ও অর্ধদক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বিদ্যমান রয়েছে।  

এর আগে সকালে সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী সৌদি ভিশন ২০৩০-এর অধীনে যুবরাজের নেতৃত্বে গৃহীত সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

Logo