সৌদি আরবে ফাউন্ডিং ডে: ২০২২ থেকে জাতীয় উৎসবে রূপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০
সৌদি আরবে ফাউন্ডিং ডে এখন দেশের অন্যতম প্রাণবন্ত জাতীয় উৎসব। ২০২২ সালে সরকারি ছুটি হিসেবে ঘোষণার পর থেকে দিনটি প্রতি বছর নতুন মাত্রায় উদযাপিত হচ্ছে। ১৭২৭ সালে ইমাম মোহাম্মদ বিন সৌদের নেতৃত্বে প্রথম সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্মরণে ২২ ফেব্রুয়ারি পালিত হয় এই দিন।
প্রথম বছর থেকেই ফাউন্ডিং ডে উদযাপন ব্যাপক সাড়া ফেলে। আতশবাজি, ড্রোন শো, কনসার্ট ও বিশেষ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিনটি পালিত হয়। জাতীয় জাদুঘরে আয়োজন করা হয় বিশেষ মজলিস অনুষ্ঠান, যেখানে সৌদি ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরা হয়।
২০২৩ সালে উদযাপন আরো বিস্তৃত হয়। ঐতিহাসিক ফাউন্ডিং ডে মার্চ, ঐতিহ্যবাহী পোশাক, সঙ্গীত ও খাবারের প্রদর্শনী আয়োজন করা হয়। মানুষ কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে দিনটি পালন করে। অনেকেই ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে অংশ নেন।
ডিরিয়াহ গেট ডেভেলপমেন্ট অথরিটির গবেষণা পরিচালক ফয়সাল আল-আমের বলেন, “২২ ফেব্রুয়ারি ১৭২৭ সালে এই জাতি ঐক্য ও সমৃদ্ধির স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। আজ আমরা আমাদের পূর্বপুরুষদের ত্যাগ ও অবদানকে স্মরণ করি।” তিনি আরো বলেন, “আমরা তাদের উত্তরাধিকার বহন করছি— উদারতা, সাহস, স্থিতিশীলতা ও আনুগত্যের মূল্যবোধকে।”
সরকারি পর্যায়ে দিনটি এখন শিক্ষা, পর্যটন ও বিনোদন খাতেও অন্তর্ভুক্ত হয়েছে। স্কুল ও কলেজে ফাউন্ডিং ডে নিয়ে বিশেষ কার্যক্রম আয়োজন করা হচ্ছে। উদাহরণস্বরূপ, পাকিস্তান ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দা গত বছর সপ্তাহব্যাপী অনুষ্ঠান আয়োজন করে শিক্ষার্থীদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানায়।
সৌদি পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, ফাউন্ডিং ডে উদযাপনের সঙ্গে দেশের ঐতিহ্যবাহী স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্যকে যুক্ত করা হচ্ছে। ডিরিয়াহ শহরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এটিই সৌদি রাষ্ট্রের জন্মস্থান।
এ বছর ফাউন্ডিং ডে আরো বিশেষ হয়ে উঠেছে। কারণ এটি অনুষ্ঠিত হচ্ছে পবিত্র রমজান মাসে। ফলে ধর্মীয় আবহ ও জাতীয় উৎসব একসঙ্গে মিলিত হয়ে এক অনন্য উদযাপনের পরিবেশ তৈরি করেছে।
সরকারি উদ্যোগে শুরু হওয়া এই দিন এখন সৌদি সমাজে গভীরভাবে প্রোথিত একটি সাংস্কৃতিক ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে। ঐতিহ্য, ঐক্য ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ফাউন্ডিং ডে সৌদি নাগরিকদের কাছে গর্বের দিন হয়ে উঠেছে।
logo-1-1740906910.png)