Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কিং সালমান কোরআন প্রতিযোগিতার পুরস্কার ৯০ লাখ রিয়াল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭

কিং সালমান কোরআন প্রতিযোগিতার পুরস্কার ৯০ লাখ রিয়াল

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রী শেখ আবদুললতিফ আল আল-শেখ ঘোষণা করেছেন, কিং সালমান বিন আবদুলআজিজ পুরস্কারের মোট অর্থমূল্য বাড়িয়ে ৯ মিলিয়ন সৌদি রিয়াল করা হয়েছে। এই পুরস্কার দেওয়া হয় কোরআন মুখস্থ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বিজয়ীদের।  

মন্ত্রী জানিয়েছেন, প্রতিযোগিতার ছয়টি শাখায় প্রথম স্থান অর্জনকারীর সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করা হয়েছে। এটি কার্যকর হবে ২৮তম আসর থেকে। তার মতে, এই সিদ্ধান্ত প্রতিযোগিতাকে আরো শক্তিশালী করবে এবং কোরআন মুখস্থ ও তেলাওয়াতকারীদের উৎসাহিত করবে।  

আল আল-শেখ বলেন, প্রতিযোগিতাটি সৌদি আরবের একটি জাতীয় উদ্যোগ, যা কোরআনের সেবায় নিবেদিত। পুরস্কারের পরিমাণ বাড়ানো হয়েছে যাতে অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং আরো বেশি প্রতিভাবান হাফেজ ও কারীরা এতে অংশ নিতে উৎসাহিত হন।  

তিনি আরো জানান, প্রতিযোগিতার আয়োজন, অংশগ্রহণের মান এবং বিচার প্রক্রিয়া আগের আসরগুলোর তুলনায় অনেক উন্নত হয়েছে। নতুন সিদ্ধান্তের মাধ্যমে প্রতিযোগিতার সাংগঠনিক, গণমাধ্যম ও প্রযুক্তিগত দিকগুলো আরো উন্নত করা হবে। এটি সৌদি ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিযোগিতাকে আন্তর্জাতিক অঙ্গনে আরো শক্তিশালী করবে।  

মন্ত্রী কিং সালমান বিন আবদুলআজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কোরআনের সেবায় তাদের অব্যাহত সমর্থন প্রতিযোগিতাকে বিশ্বে অন্যতম মর্যাদাপূর্ণ আসরে পরিণত করেছে।  

কিং সালমান কোরআন প্রতিযোগিতা শুধু সৌদি আরবেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক সাড়া ফেলেছে। প্রতি বছর হাজারো অংশগ্রহণকারী এতে অংশ নেয়। পুরস্কারের পরিমাণ বাড়ানোয় প্রতিযোগিতার গুরুত্ব আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Logo