Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে বাসার গ্যারেজে মুদি দোকান, ১৪ প্রবাসী গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২

কুয়েতে বাসার গ্যারেজে মুদি দোকান, ১৪ প্রবাসী গ্রেপ্তার

কুয়েত সিটির জাবের আল-আহমদ আবাসিক এলাকায় অবৈধভাবে পরিচালিত হোমভিত্তিক মুদি দোকানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে রাজধানী গভর্নরেট সিকিউরিটি ডিরেক্টরেট। জনস্বাস্থ্য রক্ষা ও আইন প্রয়োগ নিশ্চিত করতে পরিচালিত এ অভিযানে ১৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।  

কুয়েত টাইমসের প্রতিবেদনে জানা যায়, অভিযানের আগে দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম চালানো হয়। পরে দেখা যায়, ব্যক্তিগত বাসা ব্যবহার করে লাইসেন্স ছাড়া মুদি দোকান চালানো হচ্ছে। এসব দোকানে খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছিল এবং গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছিল।  

অভিযানে ১৪ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়, যারা এসব অবৈধ দোকানে বসবাস ও কাজ করছিলেন। এছাড়া বেশ কয়েকজন ডেলিভারি কর্মীও ধরা পড়েন, যারা মোটরসাইকেল ব্যবহার করে অবৈধভাবে পণ্য সরবরাহ করছিলেন। সাতটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পাশাপাশি একাধিক স্থানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যপণ্যও উদ্ধার করা হয়েছে। 

তদন্তে দেখা গেছে, কিছু বাসায় গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল, যা বাণিজ্যিক আইনের স্পষ্ট লঙ্ঘন। খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মোট ৩৩টি লঙ্ঘনের রিপোর্ট করা হয়েছে। এসব লঙ্ঘনের মধ্যে ছিল স্বাস্থ্য অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা, অস্বাস্থ্যকর বা ভেজাল খাবার বিক্রি, ভোক্তার জন্য অনুপযুক্ত পণ্য সরবরাহ, সঠিক পুষ্টি লেবেল না দেওয়া এবং বৈধ স্বাস্থ্য সনদ ছাড়া কর্মী নিয়োগ।    

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষা ও সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধ ব্যবসা বন্ধে নিয়মিত নজরদারি চালানো হবে।

Logo