Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে প্রবাসীদের জন্য ফ্রিল্যান্স ভিসা; ফি ৭৫০-১০০০ দিনার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০

কুয়েতে প্রবাসীদের জন্য ফ্রিল্যান্স ভিসা; ফি ৭৫০-১০০০ দিনার

কুয়েতে প্রবাসীদের জন্য নতুন ধরনের ফ্রিল্যান্স ভিসা চালুর ঘোষণা দিয়েছেন প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসুফ। আগামী দুই মাসের মধ্যে এ ভিসা কার্যকর হবে। ফি নির্ধারণ করা হয়েছে ৭৫০ থেকে ১০০০ কুয়েতি দিনার।  

বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে শেখ ফাহদ আল-ইউসুফ বলেন, শ্রম আইন ভঙ্গের ঘটনায় কঠোর শাস্তি দেওয়া হবে। বিশেষ করে যারা অবৈধভাবে কর্মী নিয়োগ করছে বা স্পন্সরের বাইরে অন্যত্র কাজ করাচ্ছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। তিনি সতর্ক করে দেন, কোম্পানির মালিকরা তাদের কর্মীদের জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন।  

ফ্রিল্যান্স ভিসা চালুর মাধ্যমে ভিসা বাণিজ্য বন্ধ করা এবং শ্রমবাজারে স্বচ্ছতা আনা হবে। গত বছরই ৩৯ হাজার অবৈধ কর্মীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, একক অভিভাবকের সন্তানদের (১৮ বছরের নিচে) জন্য পরিবার ভিসা পুনরায় চালু করা হবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় স্নাতক ও অ-স্নাতকদের মধ্যে সমান সুযোগ নিশ্চিত করা হবে।  

শেখ ফাহদ জানান, একটি অবৈধ নার্সারিতে শিশুর মৃত্যু হওয়ার পর ৯টি নার্সারি বন্ধ করে দেওয়া হয়েছে। আরো তদন্ত চলছে। ডেলিভারি অ্যাপ কোম্পানি ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতেও অভিযান চালানো হচ্ছে, যেখানে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সাবকন্ট্রাক্টিং ব্যবস্থাও নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে।  

গ্রীষ্মকালে বিদ্যুৎ চাপ কমাতে নির্দিষ্ট সময়ে কিছু কারখানার কার্যক্রম স্থগিত রাখার পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে, বেতন জমা নিশ্চিত করা ও কর্মীদের অধিকার রক্ষায় নতুন ডিজিটাল সেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।  

জনশক্তি কর্তৃপক্ষের মহাপরিচালক রাবাব আল-ওসাইমি জানিয়েছেন, ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ২ কোটি ৫০ লাখ লেনদেন সম্পন্ন হয়েছে, যার মধ্যে ১ কোটি ৫০ লাখই স্বয়ংক্রিয় ব্যবস্থায়। তিনি জানান, শ্রম আইন সংশোধনের উদ্যোগ চলছে এবং কর্মীদের চুক্তি পরিবর্তনের সুযোগ দেওয়ার বিষয়ে একটি প্রকল্পও বিবেচনায় রয়েছে।  

কুয়েতে শ্রমবাজারে শৃঙ্খলা আনতে ফ্রিল্যান্স ভিসা চালু, পরিবার ভিসা পুনরায় খোলা, অবৈধ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জননিরাপত্তা জোরদার করার মতো একাধিক পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। এসব উদ্যোগ প্রবাসীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে, তবে একই সঙ্গে আইন ভঙ্গকারীদের জন্য কঠোর শাস্তির বার্তা দিয়েছে সরকার।

Logo