১০ দিনের মধ্যে চুক্তি না হলে ইরানে হামলা: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২
মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এর মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি দিয়েছেন তিনি। মার্কিন কর্মকর্তাদের মতে, চলতি সপ্তাহের শেষের দিকেই চাইলে ওয়াশিংটন হামলা চালাতে পারে। নিউ ইয়র্ক টাইমস, খালিজ টাইস, আল জাজিরা, রয়টার্স, এপিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে।
ট্রাম্পের মূল মাথাব্যথা ইরানের পরমাণু কর্মসূচি। তিনি বারবার বলেছেন, তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে বৈঠক হলেও চুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ট্রাম্প বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সভায় বলেন, গত বছর ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা না চালালে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ব্যাহত হতো। এবারো হয়তো হামলা চালাতে হতে পারে, আবার চুক্তিও হতে পারে। আগামী ১০ দিনের মধ্যেই তা স্পষ্ট হবে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার ও ক্রুজার যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং ৫০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। এছাড়া প্যাট্রিয়ট ও থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঘাঁটিগুলোতে বসানো হয়েছে। এফ-৩৫, এফ-২২ ও এফ-১৬ যুদ্ধবিমানও সেখানে পাঠানো হয়েছে। বি-২ বোমারু বিমানগুলো উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩০ থেকে ৪০ হাজার সেনা মধ্যপ্রাচ্যের আটটি স্থায়ী ঘাঁটিতে অবস্থান করছে।
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে ইসরায়েলও যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। তিনি চান যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমাতে পদক্ষেপ নিক। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য যুদ্ধের জন্য পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যে তীব্র হামলা চালিয়ে ইরানকে দুর্বল করার কৌশলও বিবেচনায় রয়েছে।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের ইরান বিশেষজ্ঞ ভালি নাসর বলেন, আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র হামলার প্রস্তুতির জন্য সময় পাচ্ছে, একই সঙ্গে ইরানও প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা সাজাচ্ছে। শেষ পর্যন্ত যদি হামলা হয়, তার জন্য ওয়াশিংটনকে বড় মূল্য দিতে হবে।
logo-1-1740906910.png)