Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদির দুই পবিত্র মসজিদে রমজানের প্রস্তুতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩

সৌদির দুই পবিত্র মসজিদে রমজানের প্রস্তুতি

রমজান মাসকে সামনে রেখে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে বিশেষ কার্যক্রম পরিকল্পনা ঘোষণা করেছে সৌদি আরবের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি। ১৬ ফেব্রুয়ারি সৌদি প্রেস এজেন্সি জানায়, এ পরিকল্পনা ১০টি কৌশলগত স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, যেখানে শতাধিক উদ্যোগ ও নানা শিক্ষামূলক, দিকনির্দেশনামূলক এবং পরামর্শমূলক কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।  

প্রেসিডেন্সি জানিয়েছে, এ পরিকল্পনার মূল লক্ষ্য হলো দুই পবিত্র মসজিদের শিক্ষামূলক ও আধ্যাত্মিক ভূমিকা আরো শক্তিশালী করা এবং আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য রমজান মৌসুমে বিশেষ অভিজ্ঞতা নিশ্চিত করা। এজন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার, ভাষা ও অনুবাদ সেবা সম্প্রসারণের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি ও ভাষাভাষী মুসল্লিদের চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।  

পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকছে ধর্মীয় পাঠদান, কোরআন তিলাওয়াত ও হিফজের ব্যবস্থা, দিকনির্দেশনা ও পরামর্শ সেবা এবং ধর্মীয় প্রশ্নোত্তরের জন্য বিশেষ চ্যানেল। পাশাপাশি ধর্মীয় ও বৌদ্ধিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ, পবিত্র কোরআন বিতরণ, শিক্ষামূলক বুকলেট ও সচেতনতামূলক বার্তা প্রচার করা হবে। এর মাধ্যমে মুসল্লিদের জ্ঞান ও আধ্যাত্মিক উন্নয়নকে সহায়তা করা হবে।  

প্রেসিডেন্সি আরো জানিয়েছে, মানবসম্পদ, কার্যক্রম পরিচালনা ব্যবস্থা এবং প্রযুক্তিগত অবকাঠামো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এর ফলে মুসল্লিরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ইবাদত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।  

রমজান মাসে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মুসল্লিদের জন্য এ উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিক দিকনির্দেশনা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এ পরিকল্পনা মুসল্লিদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ।

Logo