Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বাহরাইনে রোজার আগে বাজার নজরদারি শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৭

বাহরাইনে রোজার আগে বাজার নজরদারি শুরু

বাহরাইন

বাহরাইনে রোজার আগে বাজার নজরদারি শুরু

বাহরাইনে রমজানে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সে লক্ষ্যে কঠোর বাজার মনিটরিং ও অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাহরাইনের বিভিন্ন দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে তদারকি অভিযান বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের মূল্য কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি, ভুয়া ছাড় ঘোষণা বা প্রতারণামূলক বাণিজ্যিক কার্যক্রম না ঘটে। একই সঙ্গে নিশ্চিত করা হচ্ছে, যেন প্রতিটি দোকান তাদের লাইসেন্স অনুযায়ী নির্ধারিত কার্যক্রমই পরিচালনা করে, দেখানো মূল্য তালিকা ও পয়েন্ট-অব-সেল সিস্টেমে দামের মধ্যে যেন কোনো অমিল না থাকে। আর ঘোষিত অফার ও ডিসকাউন্ট যেন বাস্তবসম্মত ও বৈধ হয়। বিশেষ করে রমজানের মাঝামাঝি সময় থেকে চাহিদা বৃদ্ধি পাওয়ায়, খাদ্যপণ্য বিক্রেতা, ফল ও সবজি দোকান, মাংস ও মাছের বাজার, দর্জি প্রতিষ্ঠান, স্বর্ণের দোকান ও মিষ্টির দোকানগুলোতে নজরদারি আরো জোরদার করা হবে বলে জানানো হয়েছে। গুরুতর অনিয়মের অভিযোগ এলে আর্থিক জরিমানা, প্রশাসনিকভাবে দোকান বন্ধ, লাইসেন্স বাতিল এমনকি পাবলিক প্রসিকিউশনে মামলা দায়েরের মতো কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ভোক্তাদের যে কোনো মূল্যবৃদ্ধি বা অনিয়মের অভিযোগ জাতীয় অভিযোগ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘তাওয়াসুল’-এর মাধ্যমে জানাতে আহ্বান জানানো হয়েছে নাগরিক ও বাসিন্দাদের। 


কুয়েত

কুয়েত চালু করবে ফ্রিল্যান্স রেসিডেন্সি ভিসা

আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের জন্য নতুন ফ্রিল্যান্স রেসিডেন্সি ভিসা চালু করবে কুয়েত সরকার। এর জন্য আবেদনকারীদের ৭৫০ থেকে ১ হাজার কুয়েতি দিনার ফি দিতে হবে। এই ভিসার মাধ্যমে প্রবাসীরা কোনো কফিল ছাড়াই স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন এবং সরকার নির্ধারিত ফি সরাসরি পরিশোধ করে বৈধভাবে ফ্রিল্যান্স পেশায় যুক্ত থাকতে পারবেন। সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো অবৈধ ভিসা বেচাকেনা বন্ধ করা, শ্রমবাজারে স্বচ্ছতা আনা এবং দক্ষ প্রবাসীদের জন্য বৈধ কর্মপরিবেশ তৈরি করা। এদিকে, কুয়েত সরকার আরো ঘোষণা দিয়েছে, কুয়েতে বসবাসরত অভিভাবকদের জন্য অপ্রাপ্ত বয়স্ক সন্তানের জন্য ফ্যামিলি ভিসা পুনরায় চালু করা হচ্ছে, যাতে প্রবাসী মা বা বাবা তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদের কুয়েতে আনতে পারেন। দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ জানিয়েছেন, শ্রম আইনের অপব্যবহার রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। আশা করা হচ্ছে, নতুন এই ভিসা ব্যবস্থা শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে।


সৌদি আরব

সৌদিতে নামাজের জায়গা দখল নিয়ে কঠোর বার্তা

সৌদিতে মসজিদে নামাজের জায়গা দখলের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। দেশের সব মসজিদ ও বড় মসজিদে ইমামদের নির্দেশ দেওয়া হয়েছে, কেউ মসজিদে আগে গিয়ে কার্পেট, মসজিদের থামে ব্যক্তিগত কোনো জিনিস রেখে, মসজিদে তার অবস্থান আগে থেকে দখল রাখতে পারবে না। যে মুসল্লি আগে যাবেন মসজিদে নামাজ আদায়ের অধিকার তারই আগে। তাই যেসব ব্যক্তি আগে না এসে এমনভাবে জায়গা রিজার্ভ করে রাখার চেষ্টা করে, তারা অন্যদের অধিকার নষ্ট করছে এবং এটি আইনগতভাবে অগ্রহণযোগ্য। ইমামদের এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি ইমামদের এটা বোঝানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যেন সবাই নামাজ আদায়ের জন্য দ্রুত মসজিদে আসেন, সামনে বা ইমামের কাছে বসার জন্য প্রতিযোগিতা না করেন। যারা জিনিস রেখে পরে এসে জায়গা দখল করে, তারা ইসলামি শিক্ষার বিপর্যয় ঘটাচ্ছেন। 


ওমান

ওমানে প্রবাসী কর্মী নিয়োগে নতুন টাইয়ার্ড ফি পদ্ধতি চালু

ওমান সরকার দেশটির কোম্পানিগুলোর জন্য নতুন “টাইয়ার্ড ফি” পদ্ধতি চালু করেছে। এর মাধ্যমে কোম্পানিগুলোকে ওমানের নাগরিকদের বেশি নিয়োগ করতে উৎসাহিত করা হচ্ছে। অর্থাৎ, এখন থেকে দেশটির কোনো কোম্পানি বিদেশি কর্মী নিয়োগ করতে চাইলে তাদের পারমিট ফি নির্ভর করবে তারা কতজন ওমানি নাগরিক চাকরি দিয়েছে তার ওপর। যেসব প্রতিষ্ঠান নির্ধারিত ওমানাইজেশনের লক্ষ্য পূরণ করবে বা তার বেশি স্থানীয় নাগরিক নিয়োগ করবে, তারা বিদেশি কর্মী পারমিট ফিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবে। আর যারা এই লক্ষ্য পূরণে ব্যর্থ হবে, তাদের আগের তুলনায় দ্বিগুণ ফি দিতে হবে, অর্থাৎ স্থানীয়দের চাকরি না দিলে খরচ বাড়বে। একই সঙ্গে বিদেশি কর্মীদের কাজের লাইসেন্সের মেয়াদ ১৫ মাস থেকে বাড়িয়ে ২৪ মাস করা হয়েছে, যাতে প্রক্রিয়া সহজ হয় এবং কোম্পানিগুলো কম প্রশাসনিক ঝামেলায় পড়ে।এছাড়া কর্মীদের পেশাগত ক্যাটাগরি পরিবর্তনের নিয়মও সহজ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই নতুন ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো বেসরকারি খাতে আরো বেশি ওমানি নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত করা এবং কোম্পানিগুলোকে দেশীয় জনশক্তি নিয়োগে উৎসাহিত করা।

Logo