কুয়েতে প্রবাসীদের জন্য ফ্রিল্যান্স ইকামা চালুর উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০
কুয়েত সরকার প্রবাসীদের জন্য নতুন ধরনের বসবাসের অনুমতি বা ইকামা চালুর পরিকল্পনা করছে। এই ব্যবস্থা কার্যকর হলে দক্ষ প্রবাসীরা কোনো স্পন্সর ছাড়াই নিজস্ব ছোট ব্যবসা চালু করতে পারবেন। ১৬ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য ফ্রিল্যান্স রেসিডেন্স সিস্টেম চালু করা হলে তারা বছরে ৮০০ থেকে ১,০০০ কুয়েতি দিনার ফি দিয়ে বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন। এর মূল উদ্দেশ্য হলো ভিসা বাণিজ্য বন্ধ করা। বর্তমানে অনেক প্রবাসী ভুয়া কোম্পানির মাধ্যমে বিপুল অর্থ দিয়ে ভিসা সংগ্রহ করেন, অথচ সেখানে কোনো কাজ থাকে না। নতুন ব্যবস্থায় সেই অর্থ সরাসরি সরকারকে প্রদান করতে হবে।
মন্ত্রী জানান, গত বছর শ্রমবাজারের নিয়ম ভঙ্গের কারণে ৩৯ হাজার প্রবাসীকে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে। বিশেষ করে যারা বৈধ স্পন্সরের বাইরে অন্য নিয়োগকর্তার অধীনে কাজ করছিলেন। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। ইতোমধ্যে প্রায় ৩ হাজার বেসরকারি প্রতিষ্ঠান আইন ভঙ্গের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।
শেখ ফাহাদ আরো বলেন, বাবা-মা চাইলে আলাদাভাবে তাদের ১৮ বছরের নিচের সন্তানদের স্পন্সর করতে পারবেন। তিনি জোর দিয়ে বলেন, প্রবাসী শ্রমিকদের বেতন প্রদানে কোনো গড়িমসি সহ্য করা হবে না। মাসিক বেতন নিয়মিত দিতে হবে, এটি একটি “রেড লাইন”। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, কুয়েত কোনো জাতীয়তার মানুষের কাজের জন্য আগমনে আপত্তি করে না।
জনশক্তি কর্তৃপক্ষের প্রধান রাবাব আল-ওসাইমি জানিয়েছেন, বিভিন্ন ব্যবসায়িক খাতের মধ্যে রেসিডেন্সি ট্রান্সফার প্রক্রিয়া পুনর্গঠনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এতে ছোট ব্যবসা, সরকারি চুক্তি বা অন্যান্য খাতের প্রবাসীদের জন্য আরো সহজ নিয়ম তৈরি হবে।
logo-1-1740906910.png)