ওমানে প্রবাসী কর্মীদের জন্য বিভিন্ন ফিতে ডিসকাউন্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮
ওমান সরকার প্রবাসী কর্মীদের জন্য নতুন ধাপে বিভক্ত ফি কাঠামো চালু করেছে। টাইমস অব ওমানে প্রকাশিত এক সংবাদে বলা হয়, শ্রম মন্ত্রণালয়ের এই উদ্যোগের লক্ষ্য হলো স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো এবং ওমানাইজেশন নীতি কার্যকর করা।
শ্রম মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান ওমানাইজেশনের নির্ধারিত হার পূরণ করবে বা ছাড়িয়ে যাবে, তারা প্রবাসী কর্মীদের কাজের অনুমতি ও লাইসেন্স ফিতে ৩০ শতাংশ ছাড় পাবে। অন্যদিকে যেসব প্রতিষ্ঠান জাতীয় কর্মসংস্থান লক্ষ্য পূরণে ব্যর্থ হবে, তাদের জন্য ফি দ্বিগুণ করা হবে। এর মাধ্যমে স্থানীয়দের নিয়োগকে আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হচ্ছে।
নতুন কাঠামোয় প্রবাসী কর্মীদের কাজের লাইসেন্সের মেয়াদ ১৫ মাস থেকে বাড়িয়ে ২৪ মাস করা হয়েছে, যা এখন রেসিডেন্সি পারমিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া কোনো কর্মীর পেশাগত ক্যাটাগরি পরিবর্তন করতে হলে নতুন লাইসেন্স নিতে হবে না, বরং শুধু ফি পার্থক্য পরিশোধ করলেই হবে। এতে প্রশাসনিক জটিলতা কমবে।
শ্রমমন্ত্রী আল সা’দি জানিয়েছেন, এই কৌশলগত পদক্ষেপের মাধ্যমে বেসরকারি খাতের চাহিদাকে জাতীয় কর্মসংস্থান লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে। সরকার একই সঙ্গে প্রণোদনা ও শাস্তির ব্যবস্থা রেখেছে, যেখানে নিয়ম মেনে চলা প্রতিষ্ঠান ছাড় পাচ্ছে, আর ব্যর্থ প্রতিষ্ঠানকে দ্বিগুণ ফি দিতে হচ্ছে। এর ফলে ২০২৬ সালের শেষ নাগাদ নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)