হরমুজে নৌ মহড়া শুরু ইরানের, চলছে ইরান-আমেরিকার আলোচনাও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৬
ইরান-আমেরিকার মধ্যে একটি চুক্তি নিয়ে আলোচনার মধ্যে হরমুজ প্রণালীতে নৌ মহড়া শুরু করেছে ইরান। আমেরিকা যদি সত্যিই ইরানে হামলা করে বসে, তাহলে কীভাবে বুদ্ধিমত্তার সাথে তা মোকাবিলা করা যায়, সেই লক্ষ্যেই এমন মহড়া বলে জানা গেছে। এদিকে, আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, আমেরিকা যদি ইরানে হামলা চালায়, তাহলে আফগানিস্তান ইরানকে সাহায্য করতে প্রস্তুত আছে।
এদিকে, পারস্য উপসাগরীয় এলাকায় মার্কিন রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’ অবস্থান করছে। এটি সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি আরো বাড়িয়ে তুলেছে। রয়টার্স জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরান পারমাণবিক আলোচনা করলেও মধ্যপ্রাচ্যে আরো একটি মার্কিন রণতরী যোগ দিয়েছে।
সামরিক উত্তেজনা বাড়লেও আমেরিকার সাথে একটি চুক্তির আশায় সমান তালে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে জেনেভায় পরমাণু বিষয় নিয়ে ইরানের সাথে আবারো আলোচনার টেবিলে যাচ্ছে ইরান ও আমেরিকা। যদিও ইরান জানিয়ে দিয়েছে, এবারের আলোচনায় যদি কোনো সমঝোতা হয়, তাহলে তা টিকিয়ে রাখতে আমেরিকাকে ইরানের লাভটা দেখতে হবে। তাহলে পরমাণু, জ্বালানি, খনিজ গ্যাস বা বিমান কেনার মতো বিষয় নিয়ে আমেরিকার সাথে আলোচনা হতে পারে। আর যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে কী হবে? এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা ব্যর্থ হলে তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি লক্ষ্য করে ইসরায়েলি হামলাকে সমর্থন করবেন।
আর তাই ইরান-আমেরিকার আলোচনা কোন দিকে গড়ায়, তা নিয়ে উন্মুখ হয়ে অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের মানুষ।
logo-1-1740906910.png)