বাহরাইনে রমজান উপলক্ষে বিশেষ মানবিক উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩
রমজান মাস সামনে রেখে বাহরাইনে শুরু হয়েছে বিশেষ খাদ্য সংগ্রহ অভিযান। স্থানীয় কমিউনিটি গ্রুপ এ বক্স অব গুডনেস উদ্যোগ নিয়েছে এই কার্যক্রমের, যার লক্ষ্য হলো অসহায় ও দরিদ্র মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উদ্যোগ চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
রমজান মাসে দরিদ্র পরিবারগুলো যাতে খাদ্য সংকটে না পড়ে, সেই চিন্তা থেকেই এই আয়োজন। সংগঠকরা জানিয়েছেন, মূলত নন-পেরিশেবল বা দীর্ঘস্থায়ী খাদ্যসামগ্রী সংগ্রহ করা হচ্ছে। চাল, ডাল, তেল, শুকনো খাবার, টিনজাত খাদ্য; এসব পণ্য সংগ্রহ করে প্যাকেজ আকারে বিতরণ করা হবে।
বাহরাইনের বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল, কলেজ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান এই উদ্যোগে অংশ নিচ্ছে। স্থানীয় বাসিন্দারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খাদ্যসামগ্রী দান করছেন। আয়োজকরা বলছেন, রমজান মাসে দান-খয়রাতের সংস্কৃতি আরো জোরদার হয়, আর এই উদ্যোগ সেই মানবিক চেতনারই প্রতিফলন।
এ বক্স অব গুডনেস এর সদস্যরা জানিয়েছেন, তারা চাইছেন সমাজের প্রতিটি মানুষ যেন রমজানের আনন্দ ভাগাভাগি করতে পারে। শুধু খাদ্য নয়, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী শ্রমিক ও নিম্নআয়ের পরিবারগুলোকে সামাজিকভাবে সংযুক্ত করার চেষ্টা চলছে।
আয়োজকরা জানিয়েছেন, এই খাদ্য সংগ্রহ অভিযানকে নিয়মিত কর্মসূচিতে পরিণত করার পরিকল্পনা রয়েছে। রমজান ছাড়াও বছরের অন্যান্য সময়ে দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা চালু রাখতে চান তারা।
রমজান মাসে দরিদ্রদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ বাহরাইনের সমাজে মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয়দের অংশগ্রহণ, সংগঠকদের আন্তরিকতা এবং প্রবাসীদের সহায়তায় এই খাদ্য সংগ্রহ অভিযান অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)