Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

রিয়াদ থেকে দোহা: দুই ঘণ্টায় বুলেট ট্রেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪

রিয়াদ থেকে দোহা: দুই ঘণ্টায় বুলেট ট্রেন

সৌদি আরব ও কাতার তাদের রাজধানীকে সংযুক্ত করতে উচ্চগতির বৈদ্যুতিক রেল যোগাযোগ প্রকল্প অনুমোদন করেছে। সৌদি মন্ত্রিসভা এই প্রকল্প বাস্তবায়নের চুক্তি অনুমোদন করেছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।  

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সৌদি পরিবহন মন্ত্রী সালেহ আল-জাসসার এবং কাতারের পরিবহন মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ আল থানি আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেন।  

৭৮৫ কিলোমিটার দীর্ঘ রেললাইন রিয়াদ ও দোহাকে সংযুক্ত করবে। আল-হোফুফ ও দাম্মামের মতো গুরুত্বপূর্ণ শহর হয়ে যাবে এই রেলপথ। সৌদি আরবের কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরও এই নেটওয়ার্কের আওতায় আসবে। ঘণ্টায় ৩০০ কিলোমিটারের বেশি গতিতে চলা বুলেট ট্রেনের মাধ্যমে দুই রাজধানীর মধ্যে ভ্রমণের সময় কমে আসবে মাত্র দুই ঘণ্টায়।  

প্রকল্পটি দুই দেশের জিডিপিতে প্রায় ১১ হাজার ৫০০ কোটি রিয়াল রাজস্ব যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সরাসরি ও পরোক্ষভাবে ৩০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।  

কাতারের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আধুনিক এই রেল নেটওয়ার্ক জিসিসিভুক্ত (উপসাগরীয় সহযোগিতা পরিষদ) দেশগুলোর মধ্যে আঞ্চলিক উন্নয়ন, সংযোগ ও সংহতি জোরদার করবে। ফলে শুধু সৌদি আরব ও কাতার নয়, গোটা উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।

প্রকল্পটি ছয় বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। আধুনিক প্রকৌশলবিদ্যা, উন্নত প্রযুক্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড বজায় রেখে রেলপথ নির্মাণ করা হবে। এতে ভ্রমণ সহজ হওয়ার পাশাপাশি কার্বন নিঃসরণ কমবে এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।  

রিয়াদ থেকে দোহা পর্যন্ত বুলেট ট্রেন শুধু ভ্রমণকে দ্রুত ও আরামদায়ক করবে না, বরং অর্থনীতি, কর্মসংস্থান, আঞ্চলিক সংযোগ এবং পরিবেশবান্ধব উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। 

Logo