Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১১ ফেব্রুয়ারি ২০২৬

বাহরাইন থেকে ৯৩ শ্রমিক বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১২

বাহরাইন থেকে ৯৩ শ্রমিক বহিষ্কার

বাহরাইন

বাহরাইন থেকে ৯৩ শ্রমিক বহিষ্কার 

বাহরাইনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৮ জন প্রবাসী শ্রমিককে আটক এবং ৯৩ জনকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (এলএমআরএ) ১ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ৫৯৬টি অভিযান পরিচালনা করে। অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করা বা শ্রম ও আবাসিক আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এসব অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

কুয়েত

কুয়েতে ট্রাফিক নিয়ন্ত্রণে কঠোর অভিযান 

কুয়েতে ট্রাফিক আইন বাস্তবায়নে কঠোর অভিযান চালিয়েছে দেশটির ট্রাফিক বিভাগ। ২ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে ২৭ হাজার ৩০০টি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে। নিয়ম ভঙ্গের দায়ে ৪০৪টি গাড়ি ও ৬৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ায় ৩৯ জনকে আটক করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আরো ৫০ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ট্রাফিক পুলিশ ২ হাজার ৭৮১টি অভিযোগের নিষ্পত্তি করেছে, যার মধ্যে ২২৩টি সংঘর্ষে আহতের ঘটনা এবং ১ হাজার ১১৬টি সাধারণ সড়ক দুর্ঘটনা রয়েছে। সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

ওমান

ওমানে রমজানের অফিস সূচি ঘোষণা 

ওমানে রমজান উপলক্ষে ২০২৬ সালের জন্য সরকারি ও বেসরকারি খাতে কর্মঘণ্টা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি দপ্তরে প্রতিদিন ৫ ঘণ্টা কাজ করতে হবে। সাধারণত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও কর্মীরা সুবিধামতো সকাল ৭টা থেকে বিকেল ৩টার মধ্যে যে কোনো ৫ ঘণ্টার শিফট বেছে নিতে পারবেন। বেসরকারি খাতে মুসলিম কর্মীদের জন্য দৈনিক সর্বোচ্চ ৬ ঘণ্টা এবং সপ্তাহে ৩০ ঘণ্টা কাজের সীমা নির্ধারণ করা হয়েছে। রমজান মাসে রোজা, নামাজ ও ধর্মীয় কার্যক্রম পালনের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে কর্মীরা হোম অফিসের সুবিধাও পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Logo