পবিত্র রমজান মাসে মদিনায় মুসল্লি ও জিয়ারতকারীদের যাতায়াত আরো সহজ করতে বিনামূল্যের শাটল বাস সেবা চালু করেছে মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ। এই উদ্যোগের ফলে মসজিদে নববী (সা.) ও ঐতিহাসিক কুবা মসজিদে যাতায়াত হবে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময়।
মদিনা বাসেস পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের আওতায় রমজানজুড়ে এই সেবা চলবে।
- প্রথম রুটটি শহরের বিভিন্ন আবাসিক এলাকা ও পরিবহন কেন্দ্রকে সরাসরি মসজিদে নববীর সঙ্গে যুক্ত করবে। এতে কিং ফাহাদ স্কিম, হারামাইন হাই-স্পিড রেলওয়ে স্টেশন, শাথা, আল-খালিদিয়াহ এবং সাইয়্যিদ আল-শুহাদা এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থান অন্তর্ভুক্ত রয়েছে।
- দ্বিতীয় রুটটি বিশেষভাবে কুবা মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের জন্য নির্ধারিত। আল-আলিয়াহ এলাকা থেকে সরাসরি কুবা মসজিদ পর্যন্ত শাটল বাস চলাচল করবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত স্টপেজে বাস থামবে, যাতে মুসল্লিরা সহজে ওঠানামা করতে পারেন। পুরো রমজান মাসজুড়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই সেবা চালু থাকবে।
মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ আশা করছে, বিনামূল্যের এই শাটল বাস চালুর ফলে রমজানে মদিনা নগরীতে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে হজ ও ওমরাহযাত্রীসহ স্থানীয় মুসল্লিরা পাবেন একটি নির্ভরযোগ্য ও আরামদায়ক পরিবহন ব্যবস্থা।
রমজানের ব্যস্ত সময়ে মুসল্লিদের যেন নির্বিঘ্নে ইবাদতে মনোনিবেশ করতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যের শাটল বাস সেবা মদিনার ধর্মীয় পরিবেশকে আরো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল করে তুলবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)