প্রবাসীদের সুবিধা দিতে চট্টগ্রামে হাসপাতাল নির্মাণের উদ্যোগ
সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৫
অসহায় ও চিকিৎসা বঞ্চিত প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রবাসীদের অংশগ্রহণে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘হায়াত লাইফ কেয়ার’ নামে প্রস্তাবিত এই হাসপাতালটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশে প্রায় ৫৫ কাঠা জমির ওপর ১0 তলাবিশিষ্ট পর্যায়ক্রমে ২০ তলা ভবনে নির্মিত হবে।
লক্ষ্য হচ্ছে সিঙ্গাপুর, থাইল্যান্ডে গিয়ে চট্টগ্রাম ও বাংলাদেশের মানুষ যে চিকিৎসা পাই, তার অনুরূপ বিশ্বমানের যন্ত্রপাতি, বিল্ডিং ভবন ও চিকিৎসাসেবার ব্যবস্থার মাধ্যমে প্রফিটেবল ও সাসটেইনেবল বিজনেসে রূপান্তর।
চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এবং আন্তর্জাতিক এক্সপার্ট ক্যাপ্টেন শওকতের নেতৃত্বে হাসপাতাল পরিচালিত হবে। এতে দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও সরাসরি সম্পৃক্ত হচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ১০০ জনের এবং প্রবাস থেকে ৫০ জনের অধিক বিভিন্ন ক্যাটাগরিতে হাসপাতালের শেয়ার নিয়েছেন।
হাসপাতালের শেয়ার কাঠামো সম্পর্কে জানানো হয়, ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ, ১ কোটি, দেড় কোটি ও ২ কোটি টাকার বিভিন্ন ক্যাটাগরির শেয়ার আছে। এছাড়া কেউ যদি এক্সিকিউটিভ কমিটিতে থাকতে আগ্রহী হন, সে ক্ষেত্রে ন্যূনতম ৫ কোটি টাকার শেয়ার নিতে হবে এবং ৫ কোটি টাকার পাঁচজন শেয়ার হোল্ডার দিতে হবে।
গত রোববার (৮ ফেব্রুয়ারি) আরব আমিরাতের আজমান শহরের রামাদা হোটেল হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান হাসপাতালটির ডিএমডি মো. আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের আরো সক্রিয়ভাবে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, চিকিৎসাবঞ্চিত ও অসহায় প্রবাসীরা দেশে এসে যদি এই হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে তাদের জন্য অগ্রাধিকারসহ বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে এবং প্রবাসীদের মধ্যে যারা ডিরেক্টরশিপ শেয়ারহোল্ডার নেবেন, তারাও অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা পাবেন।
আলোচনা সভায় আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী হাজী এমদাদ হোসাইন, মোহাম্মদ আজিম উদ্দিন, ব্যবসায়ী ফরিদুল আলম, মোহাম্মদ তাওয়াল ইসলাম, তাজ, মোহাম্মদ আলী আজম, মো. রহমতুল্লাহ, মোহাম্মদ সালাউদ্দিন সাহেল, মো. আকবর, আব্দুর রহমান সূরাই, সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ আজাদ, সাঈদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
logo-1-1740906910.png)
