মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৮ ফেব্রুয়ারি ২০২৬
বাহরাইনে শ্রমিকদের দেরিতে বেতন দেওয়া যাবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪০
বাহরাইন
বাহরাইনে শ্রমিকদের দেরিতে বেতন দেওয়া যাবে না
বাহরাইনে শ্রমিকদের দেরিতে বেতন দেওয়ার ঘটনা বাড়ছে। ২০২২ সালে বেতন প্রদানে দেরি হওয়া সম্পর্কিত অভিযোগ ছিল ৩৫৩ টি। আর ২০২৫ সালে তা বেড়ে ৫৩৭তে পৌঁছেছে। এমন বাস্তবতায় বাহরাইনের শ্রম মন্ত্রণালয় সরকারিভাবে প্রাইভেট সেক্টরের নিয়োগকর্তাদের শ্রমিকদের দেরিতে বেতন দেওয়ার বিষয়ে সতর্ক করেছে। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, নিয়োগকর্তারা শ্রম আইন অনুযায়ী সময়মতো কর্মচারীদের বেতন দিতে বাধ্য এবং বারবার দেরিতে বেতন প্রদান শ্রম আইনের স্পষ্ট লঙ্ঘন। মন্ত্রণালয়ের বক্তব্যে বলা হয়েছে, শ্রমিকদের বেতন অবশ্যই অনুমোদিত ব্যাংক অথবা লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। এতে শ্রমিকরা সময়মতো বেতন পাবেন এবং শ্রমবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেতন প্রদানে অনিয়ম সহজেই শনাক্ত করা সম্ভব হবে। আইন অনুযায়ী, বেতন দেরিতে পরিশোধ হলে সংশ্লিষ্ট শ্রমিক প্রথম ছয় মাসের জন্য বকেয়া বেতনের ওপর বছরে ৬ শতাংশ হারে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন। পরবর্তী প্রতিটি মাসে এ হার আরো ১ শতাংশ করে বাড়বে, যা সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত হতে পারে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, শ্রমিকরা বেতন-সংক্রান্ত অভিযোগ জানাতে অনলাইনে “তাওয়াসুল” প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি মন্ত্রণালয়ে কিংবা নির্ধারিত অন্যান্য মাধ্যমে অভিযোগ দাখিল করতে পারবেন।
কুয়েত
কুয়েতে হোম মেইড খাবার বিক্রি নিয়ে সতর্কতা
কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাড়িতে রান্না করে খাবার বানিয়ে তা বিক্রি করার ব্যাপারে বিক্রেতাদের কঠোরভাবে সতর্ক করেছে। আরব টাইমসের খবরে বলা হয়েছে, আইন অমান্য করে স্বাস্থ্য বা বাণিজ্য-সংক্রান্ত অনুমোদন ছাড়া যারা বাড়িতে রান্না করে খাবার বিক্রি করবে, তারা কঠোর শাস্তির সম্মুখীন হবে; যার মধ্যে জরিমানা, গ্রেফতার বা উভয়ই অন্তর্ভুক্ত থাকতে পারে। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাড়িতে রান্না করে বিক্রির বিজ্ঞাপনগুলোর ওপর নজর রাখার মাধ্যমে এই হোম কুকিং উদ্যোগগুলোকে শনাক্ত করা হবে। এছাড়া এসব ব্যবসা পরিচালনার জন্য বাণিজ্যিক অনুমতির পাশাপাশি সাধারণ খাদ্য ও পুষ্টি কর্তৃপক্ষ থেকে স্বাস্থ্য লাইসেন্স আবশ্যক। শুধু সাধারণ বাণিজ্যিক লাইসেন্স দিয়ে বাড়ির পরিবেশে কাজ করা সম্পূর্ণ অবৈধ। এই পদক্ষেপ খাদ্য নিরাপত্তা বজায় রাখার সাথে জনস্বাস্থ্যের ঝুঁকি কমানোর উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।
সৌদি আরব
সৌদিতে অবৈধদের ধরতে অভিযান জোরদার
সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান জােরদার করা হয়েছে। গত সপ্তাহে দেশটির যৌথ বাহিনীর নিরাপত্তা অভিযানে মোট ২০ হাজার ২৩৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, গত ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। যাদের মধ্যে ১২ হাজার ৬৮৭ জন আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে, ৪ হাজার ৩১৮ জন সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার কারণে এবং ৩ হাজার ২৩২ জন শ্রম আইন লঙ্ঘনের জন্য আটক হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১১ হাজার ৬৫৬ জনকে সৌদি থেকে বহিষ্কার করা হয়েছে। সাথে ১৬ হাজার ৮০৫ জনকে তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, যাতে তারা ভ্রমণ-সংক্রান্ত নথি সংগ্রহ করতে পারে। এছাড়া সীমান্তে অবৈধ প্রবেশের চেষ্টা করার দায়ে ১ হাজার ৫৫৫ জনকে আটক করা হয়েছে। অটককৃতদের মধ্যে ৪০ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৫৭ শতাংশ ইথিওপিয়ার এবং বাদবাকি ৩ শতাংশের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা, তা খবরে জানানো হয়নি। দেশটিতে কাজ করেন প্রায় ৩৫ লক্ষ প্রবাসী বাংলাদেশি।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতের স্কুলে মিষ্টি জাতীয় খাবার নিতে মানা
সংযুক্ত আরব আমিরাতের স্কুলগুলোতে মিষ্টি জাতীয় খাবার নেওয়ার ব্যাপারে নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, শিক্ষার্থীরা স্কুলে কোনো ধরনের মিষ্টি জাতীয় জাংক ফুড, চিনিযুক্ত স্ন্যাকস, রঙিন বা কৃত্রিম উপাদানযুক্ত খাবার, স্বাদযুক্ত চিপস এবং ফিজি/সোডা জাতীয় পানীয় আনতে পারবে না। এসব খাবারের কারণে শিশুদের হাইপার অতিরিক্ত উদ্দীপনা, মনোযোগ কমে যাওয়া এবং ক্লাসে বিঘ্ন ঘটানোর মতো ঘটনা সৃষ্টি হচ্ছে। স্কুল প্রশাসন অভিভাবকদের কাছে পাঠানো বার্তায় জানিয়েছে মিষ্টি জাতীয় খাবারের আইটেমগুলো ঝুঁকিপূর্ণ আচরণ উস্কে দেয়, মনোযোগে বাধা সৃষ্টি করে এবং তা শিক্ষার পরিবেশে খারাপ প্রভাব ফেলছে। প্রতিদিন লাঞ্চ বক্স পরীক্ষা করা, পুষ্টিকর ও ব্যালান্সড খাবার নিশ্চিত করা এবং স্কুল সময়ে এই নিষিদ্ধ খাবারের আইটেমগুলো কেনা বা বিক্রি থেকে বিরত থাকার জন্য সন্তানদের সাথে কথা বলা- এসব দিকে অভিভাবকদের আরো সাবধান হওয়া উচিত।
logo-1-1740906910.png)