Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মক্কায় খাবার সরবরাহে বাংলাদেশি শপআপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩

মক্কায় খাবার সরবরাহে বাংলাদেশি শপআপ

বাংলাদেশের স্টার্টআপ কোম্পানি শপআপ সৌদি আরবের মক্কা শহরে খাবার সরবরাহ ব্যবস্থা আধুনিকায়নে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে। এ লক্ষ্যে সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সারি’ এবং মক্কা মিউনিসিপ্যালিটির বিনিয়োগ শাখা আল-বালাদ আল-আমিন টেকনোলজিসের সঙ্গে শপআপের কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষরিত হয়েছে।  

শপআপের মূল প্ল্যাটফর্ম সিল্ক (SLQ) বিশ্বব্যাপী বাণিজ্য অবকাঠামো তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি জানায়, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে ব্যবসা থেকে ব্যবসায় (B2B) সরবরাহশৃঙ্খল তৈরিতে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে হজ ও ওমরাহ মৌসুমে খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরো সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে কাজ করবে তারা।  

এই যৌথ উদ্যোগের মাধ্যমে মক্কার খাদ্য সরবরাহ কার্যক্রমে একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম তৈরি হবে। ফলে ক্যাটারিং কন্ট্রাক্টররা সুশৃঙ্খল কাঠামোর মাধ্যমে তাদের ক্রয়াদেশ পরিচালনা করতে পারবেন। পণ্যের উৎস নিশ্চিত করে প্রতি বছর কয়েক লাখ হাজির জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত খাদ্যসেবা নিশ্চিত করা হবে।  

প্রাথমিকভাবে প্ল্যাটফর্মটি সৌদি আরবের স্থানীয় খাবার সরবরাহ ব্যবস্থার ওপর গুরুত্ব দেবে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এটি আন্তর্জাতিকভাবে বাণিজ্যের পথ উন্মুক্ত করবে। পূর্ণতা পেলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সরবরাহকারীরা সরাসরি হজ ও ওমরাহ-সংশ্লিষ্ট ক্যাটারিং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হতে পারবেন।  

শপআপ জানায়, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পণ্য সংগ্রহ প্রক্রিয়া সহজ ও ডিজিটাল করার লক্ষ্য নিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। এখন সিল্ক প্ল্যাটফর্মের মাধ্যমে তারা কারিগরি ও ব্যবসায়িক দক্ষতা মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাইছে।

Logo