সৌদি আরবে ধনী প্রবাসীদের জন্য মদ বিক্রির অনুমতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১
সৌদি আরবের সামাজিক নীতিতে বড় পরিবর্তন এসেছে। সাত দশকেরও বেশি সময় ধরে চলা মদ বিক্রির নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে দিয়ে ধনী বিদেশি বাসিন্দাদের জন্য মদ কেনার সুযোগ দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের কূটনৈতিক এলাকায় একটি গোপন দোকানে এখন অ্যালকোহল বিক্রি হচ্ছে।
প্রথমে ২০২৪ সালের জানুয়ারিতে দোকানটি শুধু অমুসলিম কূটনীতিকদের জন্য চালু করা হয়েছিল। পরে ২০২৫ সালের শেষ দিকে নীতি পরিবর্তন করে ধনী অমুসলিম প্রবাসীদেরও অন্তর্ভুক্ত করা হয়। দোকান থেকে কেনাকাটা করতে হলে বিদেশিদের প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট থাকতে হবে, যার বার্ষিক খরচ ১ লাখ সৌদি রিয়াল (প্রায় ২৭ হাজার মার্কিন ডলার)। অথবা মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার রিয়াল প্রমাণ করতে হবে। প্রবেশের সময় ধর্ম ও বসবাসের তথ্যসহ পরিচয়পত্র দেখাতে হয়।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগকে দেখা হচ্ছে। এর আগে নারীদের গাড়ি চালানোর অনুমতি, ধর্মীয় পুলিশের ক্ষমতা কমানোসহ নানা সামাজিক সংস্কার করা হয়েছে। নতুন নীতির আওতায় দোকানে প্রবেশ করলে মোবাইল ফোন সিল করা হয় নিরাপত্তার জন্য। দাম পশ্চিমা বাজারের তুলনায় বেশি হলেও স্থানীয় কালোবাজারের চেয়ে সস্তা। যেমন জনি ওয়াকার ব্ল্যাক লেবেল হুইস্কির দাম প্রায় ১২৪ ডলার।
সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তবে প্রবাসীদের মধ্যে মুখে মুখে খবর ছড়িয়ে পড়েছে। দোকানের নাম ও অবস্থান অনলাইনে প্রকাশ করা হয়নি, যাতে বিষয়টি গোপন থাকে।
বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিকতায় এই পদক্ষেপ দেশটিকে আরো বিনিয়োগবান্ধব ও বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য করে তুলবে। তবে সমালোচকরা বলছেন, এটি দেশের ধর্মীয় ও সামাজিক কাঠামোয় বড় পরিবর্তন আনতে পারে।
logo-1-1740906910.png)