সংযুক্ত আরব আমিরাতের আজমানে ঐতিহ্যবাহী আবরা নৌপরিবহন এখনো স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে সমানভাবে জনপ্রিয়। আজমান ট্রান্সপোর্ট অথরিটি জানিয়েছে, গত বছর এই সেবায় মোট ৫৫ হাজার ৮৭২ জন যাত্রী ভ্রমণ করেছেন।
গালফ নিউজের প্রতিবেদন বলছে, আবরা সেবা চারটি প্রধান স্টেশন থেকে পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে আল জোরাহ স্টেশন, আজমান ফিশ মার্কেটের কাছে আল রাশিদিয়া স্টেশন, মুশাইরেফ এলাকায় আজমান ফিশারম্যান অ্যাসোসিয়েশন কাউন্সিলের কাছে আল সাফিয়া স্টেশন এবং আজমান কর্নিশ ও আজমান মেরিনার পাশে মেরিনা স্টেশন। এসব রুট স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের জন্যও সহজ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে।
আজমান ট্রান্সপোর্ট অথরিটির পাবলিক ট্রান্সপোর্ট ও লাইসেন্সিং করপোরেশনের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার সামি আলি আল জাল্লাফ বলেন, আবরা সেবা আমিরাতের সামুদ্রিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, “আবরা নৌপরিবহন আমাদের ঐতিহ্যকে তুলে ধরে, একই সঙ্গে যাত্রীদের জন্য নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেয়।”
তিনি আরো জানান, কর্তৃপক্ষ নৌপরিবহন সেবার উন্নয়ন ও কার্যকারিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে আজমানের গণপরিবহন ব্যবস্থাকে আরো শক্তিশালী করা এবং যাত্রী সন্তুষ্টি বাড়ানোই মূল লক্ষ্য।
আজমানের আবরা সেবা শুধু পরিবহন নয়, বরং পর্যটন শিল্পকেও সমৃদ্ধ করছে। ঐতিহ্যবাহী এই নৌযান স্থানীয় সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে। পর্যটকরা আবরায় ভ্রমণ করে আজমানের ব্যস্ত গলিপথ, কর্নিশ ও ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখতে পারেন।
logo-1-1740906910.png)